দোহাজারীতে রেলের ৪ ড্রাম তেল চুরি ১মাসেও আটক হয়নি কেউ
চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের কাঞ্চননগর স্টেশন সংলগ্ন মুরাদাবাদ এলাকায় গত ২০ নভেম্বর ভোর রাতে রেলের ইঞ্জিন থেকে চুরি করা ৪ ড্রাম তেল উদ্ধার করেছে চন্দনাইশ থানা পুলিশ। এ ব্যাপারে পুলিশ জব্দ তালিকা প্রস্তুত করে আদালতে প্রেরণ করলেও ঘটনার সম্পৃক্ত কাউকে অদ্যবধি গ্রেফতার করে পারেনি।
রেল ইঞ্জিনের তেল সরিয়ে ফেলার সংবাদ গোপন সূত্রে পেয়ে পুলিশ দল গত ২০ নভেম্বর ভোর রাতে ঘটনাস্থলে অভিযান চালায়। এসময় ৪ ড্রাম তেল জব্দ করলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
স্থানীয়ভাবে জানা যায়, চট্টগ্রাম-দোহাজারী লাইনের কাঞ্চননগর স্টেশন সংলগ্ন মুরাদাবাদ এলাকায় সংঘবদ্ধ চোরেরদল রেললাইনের পাশে রেল ইঞ্জিনের ৪ ড্রাম তেল সরিয়ে ফেলতে দেখে স্থানীয় জনগণ চন্দনাইশ থানায় খবর দেয়।
খবর পেয়ে চন্দনাইশ থানার একদল পুলিশ ওই স্থানে অভিযান চালিয়ে ৪ ড্রাম তেল উদ্ধার করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি।
স্থানীয়দের দেয়া তথ্য মতে, ৪ ড্রামে প্রায় ৮শ’ লিটার তেল রয়েছে। যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা।
এদিকে চন্দনাইশ থানার পুলিশ তেল ভর্তি ড্রামগুলো জব্দ করে থানায় নিয়ে আসলেও জব্দকৃত তেলের ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ কোনো ধরনের অভিযোগ কিংবা যোগাযোগ করেনি বলে সাংবাদিকদের জানিয়েছেন।
স্থানীয়রা আরো জানায়, এ রেললাইন থেকে প্রতিসপ্তাহে কমপক্ষে ৩/৪ বার রেলের ইঞ্জিন থেকে তেল চুরির ঘটনা ঘটে। এদিকে পুলিশ তেল উদ্ধারের পর স্থানীয় বেশ কয়েকটি সন্দেহভাজন বাড়িতে তল্লাশি চালিয়েও কাউকে গ্রেপ্তার করতে পারেনি। দীর্ঘ ১ মাস অতিবাহিত হলেও পুলিশ সন্দেহভাজন সে সকল তেল চোরদের আটক করতে পারেনি।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ কেশব চক্রবর্তী বলেন, সন্দেহভাজন যে সকল ব্যাক্তির নাম এসেছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। তাদের মধ্য থেকে কাউকে গ্রেফতার করতে পারলে রেলের তেল চুরির সিন্ডিকেট ও তেল ক্রেতাকেও আইনের আওতায় আনা যাবে।
