আইনজীবী সমিতিতে মোক্তার সভাপতি জিয়াউদ্দিন সম্পাদক নির্বাচিত
সিটি নিউজঃ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন আওয়ামীপন্থী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সৈয়দ মোক্তার আহমেদ ও সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন একই প্যানেলের আবুল হোসেন মোহাম্মদ জিয়াউদ্দিন।
সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপি সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদের মুহাম্মদ এনামুল হক ও সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন আবদুস সাত্তার সারোয়ার।
সোমবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সুভাষ চন্দ্র লালা।
সোমবার অনুষ্ঠিত চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯টি প্রেসিডেন্সিয়াল ও সম্পাদকীয় পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সমন্বয় পরিষদ ৪টি ও বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ ৫টি পদে বিজয়ী হয়েছে। ১০টি নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত প্যানেলের ৭জন, আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের ৩ জন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি পদ— সভাপতি ও সাধারণ সম্পাদক দুজনই নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে।
এছাড়া নির্বাচিত হয়েছেন: সিনিয়র সহ-সভাপতি শেখ মো. ছাবেদুর রহমান, সহ-সভাপতি মো. আজিজুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ কবির হোসাইন, অর্থ সম্পাদক মঈনুল আলম চৌধুরী টিপু, পাঠাগার সম্পাদক আলী আকবর সানজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক রুনা কাসেম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. ইমরুল হক মেনন।
নির্বাহী সদস্যের ১০টি পদে নির্বাচিত হয়েছেন এএসএম রিদুয়ানুল করিম, তানজিন আক্তার সানি, মো. মেজবাহ উদ্দীন, মো. ওমর ফারুক, মোহাম্মদ নাজমুল ইসলাম, মো. মনজুর হোসেন, শেখ তাপসী তহুরা, নাসরিন আক্তার, শফিউল আজম বাবর ও মো. রবিউল আলম।
