বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী উপজেলায় পাহাড় থেকে নেমে আবারও লোকালয়ে ঢুকে পড়েছে হাতি। আর এই হাতির আক্রমণে মো.আকিব নামের ২ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত দেড়টার দিকে উপজেলার করলডেঙ্গা ইউনিয়নের মধ্যম করলডেঙ্গা গ্রামের বড়টিলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত শিশু ওই এলাকার শামশুল আলমের ছেলে।
বোয়ালখালী থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, আকিবকে নিয়ে তার বাবা-মা বাড়ির পাশে ওরশ থেকে ফিরছিল। রাস্তায় তারা একটি হাতির আক্রমণের মুখে পড়ে। এ সময় ঘটনাস্থলেই আকিবের মৃত্যু হয়। এতে তার বাবাও আহত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন কয়েকটি হাতি লোকালয়ে এলেও এই হাতিটি দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গত (শুক্রবার) রাতে করলডেঙ্গা পাহাড় থেকে হাতিটি লোকালয়ে এসেছে। এতে আতংকিত হয়ে পড়েছে এলাকাবাসী।
