স্পোর্টস ডেস্ক : প্রায় আড়াই মাসের সফরে ভারতে এসেছে দক্ষিণ আফ্রিকা। দীর্ঘ এই সফরে ভারতীয় দলের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি, পাঁচটি ওয়ানডে ও চারটি টেস্ট খেলবে প্রোটিয়ারা।
এবারই প্রথম চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে দুই দল। আর দক্ষিণ আফ্রিকা ২০১০ সালে ইংল্যান্ডের পর এই প্রথম চার ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে।
ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার এই সিরিজ শুরু হচ্ছে অবশ্য টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে। আজ শুক্রবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হচ্ছে দুই দল। ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।
মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিদের বিপক্ষে মাঠে নামার আগে ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে একটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকা। তবে ম্যাচটিতে স্বাগতিকদের কাছে হেরে যায় ফাফ ডু প্লেসিস, এবি ডি ভিলিয়ার্সরা। এবার ভারতীয় মূল দলের বিপক্ষে তাই কঠিন পরীক্ষাই দিতে হবে সফরকারীদের।
মুখোমুখি লড়াইয়েও ভারতের চেয়ে অনেক পিছিয়ে দক্ষিণ আফ্রিকা। এ পর্যন্ত টি-টোয়েন্টিতে দুই দলের দেখা হয়েছে আটবার। ছয়বারই জিতেছে ভারত। বাকি দুবার দক্ষিণ আফ্রিকা।
আগামী বছর ভারতেই বসতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের পরবর্তী আসর। টি-টোয়েন্টি সিরিজটি তাই দুই দলের জন্য বিশ্বকাপের প্রস্তুতিও বটে।
দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ :
ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক, এবি ডি ভিলিয়ার্স, জেপি ডুমিনি, ডেভিড মিলার, ফারহান বেহারদিয়েন, ক্রিস মরিস, কাগিসু রাবাদা, কাইল অ্যাবোট, মার্চেন্ট ডি ল্যাঙ্গে, ইমরান তাহির।
ভারতের সম্ভাব্য একাদশ :
মহেন্দ্র সিং ধোনি, (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, আজিঙ্কা রাহানে, স্টুয়ার্ট বিনি, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল/হরভজন সিং, ভুবনেশ্বর কুমার, মোহিত শর্মা/শ্রীনাথ আরবিন্দ।
