কর্ণফুলীতে ২০ হাজার লিটার ফার্নেস অয়েলসহ ৩ জন আটক, ২ লরি জব্ধ
সিটি নিউজঃ নগরীর কর্ণফুলী উপজেলার শিকলবাহা মইজ্যারটেক এলাকা থেকে ২০ হাজার লিটার ফার্নেস অয়েলসহ ৩ জনকে আটক করেছে র্যাব-৭। এসময় দুইটি ট্যাংক লরি জব্দ করা হয়েছে। ট্যাংক লরি ২টি ছিল সরকারী প্রতিষ্ঠান যমুনা ও মেঘনার।
আটকরা হলেন- কর্ণফুলী উপজেলার চর পাথরঘাটা এলাকার মৃত মোজাফফর হোসেনের ছেলে জামাল হোসেন (৩৪), গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার হীরণ গ্রামের (বর্তমানে চট্টগ্রামের পাহাড়তলী থাকেন) মৃত বেলায়েত খানের ছেলে মো. আলামিন (৩০) ও পাহাড়তলী থানার সরাই পাড়ার মো. হাবিবুর রহমানের ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০)।
বুধবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে শিকলবাহা এলাকা থেকে তাদের আটক করা হলেও আজ বৃহস্পতিবার জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭’র মিডিয়া অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান মামুন।
তিনি জানান, গোপন সূত্রে খবর পায় কিছু ব্যক্তি আমদানিকৃত ফার্নেস অয়েলসহ চোরাইপথে দুটি ট্যাংক লরিসহ বিক্রয়ের উদ্দেশে চট্টগ্রামের দিকে আসছে। ওই সংবাদের ভিত্তিতে র্যাব শাহ আমানত সেতুর দক্ষিণে একটি চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। এসময় র্যাবের উপস্থিতি দেখে চেকপোস্টের আগে গাড়ি থামিয়ে ৪ ব্যক্তি দৌঁড়ে পালানোর সময় তিনজনকে আটক করে র্যাব। একজন পালিয়ে যায়। পরে ট্যাংক দুটি থেকে ২০ হাজার লিটার ফার্নেস অয়েল উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত তেল ও ট্যাংক দুটির আনুমানিক মূল্য ২ কোটি ১২ লাখ টাকা বলে জানান তিনি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামী ও ট্যাংক কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়েছে।
