সিটি নিউজঃ নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে চুরি যাওয়া ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির তিন লাখ টাকার সিগারেটসহ রনি কান্তি ধর (২৩) ও নয়ন দেব (২৭) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার পটিয়া উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চুরি যাওয়া এসব সিগারেটসহ দুজনকে গ্রেপ্তার করা হয়।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া জানান, গত ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯ টার সময় পাচলাইশ থানা এলাকার একটি রাস্তা থেকে গ্রেফতারকৃতরা ভ্যান ভর্তি ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের সিগারেট চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ১৮ সেপ্টেম্বর ফয়সাল (২৮) নামের এক যুবক পাঁচলাইশ থানায় একটি মামলা করেন।
পরে মামলাটি আমলে নিয়ে পাঁচলাইশ থানা পুলিশ তদন্ত শুরু করে। একপর্যায়ে গতকাল রাতে (১ ৮ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে পটিয়া উপজেলায় অভিযান চালিয়ে চুরি যাওয়া সিগারেটসহ দুজনকে গ্রেফতার করেন পাঁচলাইশ থানা পুলিশ।
গ্রেফতার দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
