নারী ও শিশু ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে ছাত্র ইউনিয়নের মশাল মিছিল
সিটি নিউজঃ দেশব্যাপী ধর্ষন-নারী নির্যাতনের প্রতিবাদে এবং জড়িতদেও বিচার দাবিতে চট্টগ্রামে মশাল মিছিল করেছে ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়ন।
আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর চেরাগী পাহাড় মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ শেসে এই মশাল মিছির বের করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রতিটি প্রান্তে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটেই চলেছে। এটা একদিনে হয়নি। এসব ঘটনার বিচার না হওয়ায় বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে। এই বিচারহীনতার সংস্কৃতির কারণেই দেশে একের পর এক বর্বরোচিত ঘটনা ঘটে চলেছে। ধর্ষন-নির্যাতনের একটি বড় ঘটনায় দেশের সচেতন মহল প্রতিবাদী হলে প্রশাসন জড়িতদের লোকদেখানো গ্রেপ্তার করা হয়। শুধু গ্রেপ্তার নয়, এসব ঘটনায় দায়ের হওয়া মামলার দীর্ঘসূত্রিতা পরিহার করে দ্রুত বিচার ও রায় কার্যকর নিশ্চিত করতে হবে।
তারা বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে না পারলে এই ঘৃণ্য প্রবণতা রুখে দেয়া যাবে না। অবিলম্বে বিশেষ ট্রাইব্যুনালে ধর্ষক ও নিপীড়কদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা না গেলে এই অপরাধ প্রবণতা থামবে না। দেশের নারী সমাজকে সুরক্ষিত করতে হলে অবিলম্বে বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে হবে।
রাজনৈতিক অপশক্তির পৃষ্ঠপোষকতা ধর্ষকদের বেপরোয়া করে তুলেছে অভিযোগ করে বক্তারা বলেন, এই ধর্ষক-নির্যাতনকারীদের আশ্রয়দাতা কথিত ‘বড় ভাই’ তাদের খুঁজে বের করে শাস্তি দিতে হবে। রাজনৈতিক প্রশ্রয় না পেলে এমন সীমাহীন অপরাধ প্রবণতার সৃষ্টি হতো না।
সমাবেশে বক্তব্য রাখেন যুব ইউনিয়ন চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক উজ্জ্বল শিকদার, ছাত্র ইউনিয়ন জেলার সভাপতি এ্যানি সেন, যুবনেতা শ্যামল লোধ, জাবেদ চৌধুরী, রাশিদুল সামির, ইমরান চৌধুরী, গৌরচাঁদ ঠাকুর অপু, মাহবুবা জাহান রুমি, আশরাফি নিতু, টিকলু কুমার প্রমুখ।
