‘মানসিক রোগীরা সমাজেরই অংশ তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য’

0

সিটিনিউজবিডি : তৃণমূল পর্যায়ে জনগণের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৫’ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি আরও বলেন, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ‘বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০১৫’ যথাযোগ্য গুরুত্বের সঙ্গে পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত।

তিনি বলেন, সুস্বাস্থ্যের জন্য দরকার সুস্থ দেহে সুস্থ মন। তাই স্বাস্থ্য একটি সমন্বিত বিষয় এবং মানসিক স্বাস্থ্য ব্যতীত স্বাস্থ্য অসম্পূর্ণ। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে মানসিক রোগের প্রকোপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরও সমাজে অন্যান্য ব্যক্তির মতো সম্মান ও আত্মমর্যাদাবোধ নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। এ পরিপ্রেক্ষিতে এবছর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের প্রতিপাদ্য ‘মানসিক স্বাস্থ্যে মর্যাদাবোধ’ যথার্থ হয়েছে বলে আমি মনে করি।

রাষ্ট্রপতি বলেন, মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিরাও সমাজেরই অংশ। তাই তাদেরকে অবহেলা ও অবজ্ঞা না করে সেবা ও ভালোবাসার মনোভাব নিয়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কমিউনিটি ক্লিনিক স্থাপনসহ বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। সময়মতো বিজ্ঞানসম্মত চিকিৎসা গ্রহণের মাধ্যমে মানসিক রোগ অনেকাংশে নিরাময় সম্ভব। তাই তৃণমূল পর্যায়ে জনগণের মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে অধিকতর দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.