লালখান বাজারে স্বামীর খোঁজে এসে ধর্ষণের শিকার গৃহবধূ
সিটি নিউজঃ স্বামীকে খুঁজতে কুমিল্লা থেকে চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার এলাকায় এসে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ। ধর্ষণের পর তাকে মারধর করে টাকা পয়সাও ছিনিয়ে নিয়েছে বলে ভূক্তভোগী নারী জানালেন। প্রতিবেশি মনিরের আশ্বাসে কুমিল্লা থেকে চট্টগ্রামে এসেছিলেন ওই গৃহবধূ। পুলিশ ধর্ষক মনিরসহ ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন- মনির হোসেন (৩৩), মাসুদ (২০), দিদার (২২) ও সোহেল (২৪)।
শনিবার নগরীর লালখান বাজার এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই নারী স্বামীর সঙ্গে লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় বসবাস করতেন। মাসখানেক আগে নিজেদের মধ্যে ঝগড়া হলে তারা বাসা ছেড়ে দিয়ে কুমিল্লায় চলে যান। কিছুদিন পর স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জেরে তার স্বামী আবার চট্টগ্রামে ফিরে আসে। গত শুক্রবার মনির হোসেন ওই নারীকে ফোনে জানান, তার স্বামী চট্টগ্রামে আছে। স্বামীর সঙ্গে মিটমাট করে দেবে, এমন কথা বলে তাকে চট্টগ্রামে আসতে বলেন মনির। এই আশ্বাসে সন্ধ্যায় ওই নারী চট্টগ্রামে এসে মনিরের বাসায় উঠেন।
খুলশী থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, শনিবার সকালে মনিরের স্ত্রী চাকরিতে গেলে তিনি ওই নারীকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করে বলে ওই নারী জানান। ঘটনার পর ওই গৃহবধূ মনিরের বাসা থেকে বের হয়ে গেলেও ফেলে যাওয়া বোরকা নিতে দুপুরে আবার সেখানে যান। সেখানে যাওয়ার পর স্থানীয় কিছু বখাটে যুবক তার সঙ্গে মনিরের বিয়ে দেওয়ার চেষ্টা করে। কিন্তু ওই নারী রাজি না হওয়ায় মারধর করে তার টাকাপয়সা ছিনিয়ে নেয়। মারধর করা মনিরের সহযোগীরা হলেন মুন্না, এমরান, মাসুদ, রাজু, দিদার, সোহেল এবং জাকির। রাজু ওই নারীর সঙ্গে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নেয়।
পরে ওই গৃহবধূ প্রতিবেশী এক নারীকে নিয়ে থানায় এসে মারধরের অভিযোগ করলেও ধর্ষণের বিষয়টি গোপন করেন। থানার দায়িত্বরত কর্মকর্তা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিয়ে সনদসহ থানায় আসার পরামর্শ দেন।
হাসপাতালে যাওয়ার পর তিনি চিকিৎসককে ধর্ষণের ঘটনা জানান। পরে তাকে ওসিসিতে ভর্তি করা হয় এবং হাসপাতাল থেকে তথ্য পেয়ে পুলিশ আটজনের বিরুদ্ধে মামলা রেকর্ড করে।
পরে ওই রাতেই ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক মনিরকে গ্রেপ্তার এবং তার বাসা থেকে ছুরি উদ্ধার করা হয়। মনিরের বিরুদ্ধে অস্ত্র আইনেও একটি মামলা করা হবে বলে জানান ওসি শাহীনুল।
