পবিত্র আশুরা ২৪ অক্টোবর

0

সিটিনিউজবিডি  :: বাংলাদেশের আকাশে বুধবার সন্ধ্যায় মহররম মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার শুরু হচ্ছে আরবি নতুন বছর ১৪৩৭ হিজরি। আগামী ২৪ অক্টোবর শনিবার (১০ মহররম) পবিত্র আশুরা পালিত হবে।

বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম সচিব ও চাঁদ দেখা কমিটির সদস্য চৌধুরী মো. বাবুল হাসান।

তিনি সভায় জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা কেন্দ্র ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৭ সনের মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামী ২৪ অক্টোবর ১০ মহররম শনিবার দেশে পবিত্র আশুরা পালিত হবে।

আশুরার দিন দেশে সরকারি ছুটি পালিত হয়ে থাকে।
কারবালা প্রান্তরে হজরত ইমাম হোসেন (রা.)-এর শাহাদাতবরণের শোকাবহ ঘটনাকে কেন্দ্র করে মূলত পালিত হয় আশুরা। তবে ইসলামের ইতিহাসে পবিত্র আশুরা অসংখ্য তাৎপর্যময় ঘটনায় উজ্জ্বল হয়ে আছে।

এই দুনিয়া সৃষ্টি, হজরত আইয়ুব (আ.)-এর কঠিন পীড়া থেকে মুক্তি, হজরত ঈসা (আ.)-এর আসমানে জীবিত অবস্থায় উঠে যাওয়াসহ অসংখ্য ঐতিহাসিক ঘটনার সঙ্গে মহররমের ১০ তারিখ অবিস্মরণীয় ও মহিমান্বিত।

এই পৃথিবীর মহাপ্রলয় বা কিয়ামত মহররমের ১০ তারিখে ঘটবে বলে বিভিন্ন গ্রন্থে উল্লেখ রয়েছে।
চাঁদ দেখা কমিটির সভায় প্রধান তথ্য কর্মকর্তা তছির আহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক মো. অহিদুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আমজাদ আলী, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব মো. সাইদুর রহমান, ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ অধ্যাপক সিরাজ উদ্দিন আহমাদ, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.