সিটি নিউজঃ চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় নেমেছেন একঝাঁক তারকা।এদের মধ্যে রয়েছেন- চিত্রনায়ক রিয়াজ, সাইমন সাদিক, অপু বিশ্বাস, তানভির সুইটি, মীর সাব্বির, বিজরী বরকুতুল্লাহ, তারিন জাহান, অরুনা বিশ্বাসসহ মাহিয়া মাহি প্রমুখ।
রবিবার (২৪ জানুয়ারী) বিকেল ৩ টায় প্রথম পর্যায়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরীর প্রচারণায় অংশ নিয়েছেন ঢাকা থেকে আগত তারকারা। আগামীকাল এই বহরে যুক্ত হচ্ছেন চিত্রনায়িকা পূর্ণিমা ও চিত্রনায়ক ফেরদৌস। এছাড়াও যুক্ত হবেন অভিনেত্রী ও নির্মাতা রোকেয়া প্রাচীও।

এ প্রসঙ্গে চট্টগ্রাম থেকে সাইমন সাদিক বলেন, ‘রেজাউল করিম ভাই একজন বীর মুক্তিযোদ্ধা এবং ভালো মানুষ। তিনি চট্টগ্রামের নগরপিতা হলে জনগণের জীবনযাত্রার মান অনেক উন্নত হবে বলে আমাদের বিশ্বাস। তাই এমন একজন যোগ্য প্রার্থীকে সমর্থন জানাতে আমরা ঢাকা থেকে চট্টগ্রাম ছুটে এসেছি’।
তিনি আরও জানান, আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণায় তারা সবাই অংশ নেবেন। রোববার ও সোমবার শহরের বিভিন্ন স্থানে তারকারা নৌকার পক্ষে প্রচারণা চালাবেন। প্রচারণা শেষে আগামিকাল সন্ধ্যায় সবাই ঢাকায় ফিরবেন বলেও জানিয়েছেন।
প্রথম পর্যায়ের নির্বাচনী প্রচারণা শেষে চট্টগ্রাম থেকে আজ সন্ধ্যার ফ্লাইটে ঢাকা ফিরবেন মাহিয়া মাহি, অপু বিশ্বাস, মীর সাব্বির।
এদিকে, তারিনের মা অসুস্থ থাকায় তাঁকে ফিরতে হচ্ছে। এছাড়াও মাহিয়া মাহি, অপু বিশ্বাস ও মীর সাব্বির ফিরবেন শুটিংয়ের কারণে। বাকিরা আগামীকাল সন্ধায় ফিরবেন বলে জানা গেছে।
সিটি নিউজ/ডিটি
