সাংবাদিক সম্মেলনে নুসরাত জাহান

নির্বাচন থেকে কাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিত হত্যাকান্ড

0

সিটি নিউজঃ কাউন্সিলর প্রার্থী আবদুল কাদেরের স্ত্রী নুসরাত জাহান অভিযোগ করে বলেছেন, পাঠানটুলী ওয়ার্ডের জনপ্রিয় সাবেক কাউন্সিলর ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদেরের ওপর দোষ চাপাতে আওয়ামী লীগ সমর্থক আজগর আলী বাবুল সর্দারকে হত্যা করে সংঘর্ষ বাঁধানো হয়েছে। ষড়যন্ত্রমূলকভাবে নির্বাচন থেকে কাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও দাবি করেন তিনি।

সোমবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন নুসরাত জাহান।

এসময় কাদেরের বোন জেসমিন করিম, ছেলে অভি, মেয়ে সায়মা, কাদেরের প্রতিবেশী বীর মুক্তিযোদ্ধা জাহেদ আহমদ, জাহানারা বেগম, হোসনে আরা, ইসরাত জাহান রানী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নুসরাত জাহান বলেন, প্রশাসন বলছে বাবুল সর্দারকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কিন্তু অদৃশ্য শক্তির ইশারায় প্রশাসন সেই পরিকল্পনাকারীদের নাম বলছে না।

তিনি অভিযোগ করেন, যেদিন কাদেরকে গ্রেপ্তার করা হয়, সেদিন আগে থেকেই মগপুকুর পাড় এলাকায় গণসংযোগ ছিল তার। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর গণসংযোগ করছিলেন মতিয়ার পুলে। সেখান থেকে এসে এক ঘণ্টা ধরে তিনি মোস্তফা কামাল টিপুর বাসায় অবস্থান নেন। গণসংযোগ করতে করতে আমার স্বামী টিপুর বাসার কাছাকাছি পৌঁছাতেই নজরুল ইসলাম বাহাদুর সেই বাসা থেকে বের হন। তিনি বের হতেই সংঘর্ষের সূত্রপাত হয়।
পেছন থেকে ছোঁড়া গুলিতে বাবুল সর্দার খুন হন দাবি করে তিনি বলেন, বাবুল সর্দার গণসংযোগের পেছনের অংশে টিপুর সঙ্গে ছিলেন। সামনে ছিলেন বাহাদুর নিজে। আর বাহাদুরের উল্টো দিকে ছিলেন কাদেরের সমর্থকরা। তাহলে মিছিলের পেছনে থাকা বাবুলকে গুলি করল কে? এসময় টিপু কোথায় ছিলেন?
সংঘর্ষে শত শত বহিরাগত অংশ নিয়ে এলাকায় ব্যাপক ভাঙচুরের বিষয়টি অস্বাভাবিক জানিয়ে তিনি সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনার অনুরোধ জানান।

বাহাদুরের কর্মী জিয়াকে অস্ত্রসহ আটক করে ছেড়ে দেওয়াও রহস্যজনক বলে মন্তব্য করেন তিনি।

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, নেতা-কর্মীদের বাসায় বাসায় বিনা কারণে রাতে পুলিশ পাঠানো হচ্ছে, সেটি বন্ধ করা হোক। আমার স্বামীর হয়ে নির্বাচনী লড়াই এগিয়ে নিতে চাই আমি। পাশাপাশি এই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে আমার স্বামী আব্দুল কাদেরসহ তার কর্মী-সমর্থকদের নিঃশর্ত মুক্তি চাই। আমরা চাই, বাবুল হত্যার সুষ্ঠু তদন্ত করে মূল সত্য বের করে আনুক প্রশাসন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.