সিটিনিউজবিডি :: রাঙ্গামাটির রাজস্থলী থেকে গ্রেফতার আরাকান আর্মির নেতা ডা. রেনিন সোকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
রাঙ্গামাটি জেলা দায়রা জজ আদালতে মঙ্গলবার বিকেলে হাজির করে পুলিশ ১০ দিনের রিমান্ড চাইলে রাঙ্গামাটি অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাজস্থলী থানার অফিসার ইনচার্জ (ওসি) অহিদ উল্লাহ সরকার জানান, রাঙ্গামাটির রাজস্থলীতে আটক মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির নেতা রেনিন সোয়ের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ, সন্ত্রাসবাদ ও অবৈধ মুদ্রা পাচার আইনে আরও একটি মামলাসহ তিনটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তিনি রাজস্থলী পুলিশের দায়ের করা দু’টি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি ছিলেন।
ওসি অহিদ উল্লাহ সরকার আরও জানান, আটকের সময় ডা. রেনিন সোর কাছ থেকে নেদারল্যান্ডের পাসপোর্ট, একটি ল্যাপটপ, মোবাইল ফোনসেট, ভারতীয় ৪১ হাজার রুপি উদ্ধার করা হয়।
প্রসঙ্গত, মঙ্গলবার গভীর রাতে রাজস্থলীর ইসলামপুরের একটি নির্মাণাধীন মসজিদ থেকে পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির নেতা রেনিন সোয়েকে আটক করা হয়।
গত এক দশক ধরে রাজস্থলীতে বাড়ি নির্মাণ করে স্থানীয় এক মার্মা তরুণীকে বিয়ে করে বসবাস করে আসছিলেন ডা. রেনিন সো। সেখান থেকে আরাকান আর্মির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে পুলিশের অভিযোগ। আগস্ট মাসে বান্দরবানের থানচিতে বিজিবির একটি টহল দলের ওপর আরাকান আর্মির হামলার দুই দিন পর ২৬ আগস্ট বুধবার রাতে নেদারল্যান্ড প্রবাসী আরাকান আর্মির নেতা রেনিন সোয়ের বিলাসবহুল বাসায় সেনা-পুলিশ যৌথ অভিযান চালায়।
ওই সময় বাড়ির মালিক রেনিন সোয়েকে আটক করা না গেলেও তার সহযোগী অংনু উয়াং রাখাইনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি আরাকান আর্মির পোশাক, আরাকান আর্মির পোশাক তৈরির ৩০ গজ কাপড়, তিনটি ল্যাপটপ ও তিনটি ক্যামেরাসহ দু’টি ঘোড়া জব্দ করা হয়।
পুলিশ জানায়, আরাকান আর্মির সদস্য মং ইয়ং রাখাইন এবং তার বাড়ির এক কেয়ারটেকার ইতোমধ্যে ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। তারা তিনজনই বর্তমানে জেলহাজতে রয়েছেন। শুধু পলাতক ছিলেন ডা. রেনিন সো। তিনি পলাতক অবস্থায় নিজের ফেসবুক এ্যাকাউন্টে বেশ কয়েকটি ভিডিও বার্তা ছেড়ে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করেন।
