পরিকল্পিত নগরী গড়তে পেশাজীবীদের পরামর্শের বিকল্প নেই
সিটি নিউজঃ নবনির্বাচিত সিটি মেয়র আলহাজ এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে নগরীর সকল পেশাজীবীদের পরামর্শের প্রয়োজন। তাতেই নগরীর টেকসই উন্নয়ন সম্ভব হবে।
বুধবার বিকেলে তিনি চট্টগ্রাম প্রেস ক্লাবস্থ বঙ্গবন্ধু হলে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্যদানকালে এ কথা বলেন।
সংগঠনের সদস্য সচিব অ্যাড. মেজবাহ উদ্দিন চৌধুরীর সঞ্চালনায়, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ মোক্তার আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আ জ ম নাছির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। সমিতির সাবেক সভাপতি অ্যাড. ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, অ্যাড. আনোয়ারুল ইসলাম চৌধুরী, অ্যাড. মজিবুল হক, অ্যাড. রতন কুমার রায়, অ্যাড. শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আসন্ন নির্বাচনে সমন্বয় পরিষদের সভাপতি পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আবু মোহাম্মদ হাশেম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী এবং বর্তমান সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন।
অনুষ্ঠানে নব নির্বাচিত সিটি মেয়র বলেন, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন পর্যন্ত চট্টগ্রাম সবার আগে কার্যকর ভূমিকা রেখেছে। সেই পথ ধরে চট্টগ্রামের প্রতিটি রাজনীতিবিদ ও পেশাজীবীরা তাদের ভাবনা ও কর্মে এখনও এগিয়ে রয়েছেন।
তিনি আরো বলেন, চট্টগ্রামকে পরিবেশবান্ধব একটি পর্যটনশিল্প নগরী হিসেবে গড়ে তুলতে সরকারি – বেসরকারি প্রতিটি সেবাসংস্থার সমন্বয় সাধন করতে হবে। তাতেই এর দ্রুত সফলতা আসবে। নাগরিকদের সহযোগিতাও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারণ, নাগরিকদের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন প্রকল্পই বাস্তবায়ন সম্পূর্ণ হয়না। তাই প্রত্যেকের সচেতন ভূমিকায় আমরা এগিয়ে যাবো।
সিটি নিউজ/ডিটি
