সিটিনিউজবিডি : মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী। শুক্রবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে কাদের সিদ্দিকীর পক্ষে এ আপিল করেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী।
সম্প্রতি টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনে কাদের সিদ্দিকী ও তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীসহ চারজনের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন।
আপিলের সঙ্গে অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে দেয়া বাংলাদেশ ব্যাংকের একটি কারণ দর্শানোর নোটিশও সংযুক্ত করা হয়। ওই নোটিশে কেন কাদের সিদ্দিকীর নাম ঋণ খেলাপিদের তালিকায় অন্তর্ভুক্ত করা হলো, তা জানতে চাওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) নির্বাচন কমিশনে জানিয়েছে, কাদের সিদ্দিকীর প্রতিষ্ঠান সোনার বাংলা প্রকৌশলী সংস্থার নামে অগ্রণী ব্যাংকের ১০ কোটি ৮৮ লাখ টাকা ঋণ রয়েছে। কাদের সিদ্দিকী এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং নাসরিন কাদের সিদ্দিকী পরিচালক। ওই ঋণ খেলাপি হওয়ায় তাদের দু’জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
