সিটিনিউজবিডি : রাজধানীর হোসনি দালানে শিয়া সমাবেশে মধ্যরাতে বোমা হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চায় বিএনপি। দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’
শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এর আগে ৭ই নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে একটি যৌথসভা করেন মির্জা ফখরুল।
শুক্রবার দিবাগত রাতে হোসনি দালানে শিয়া সম্প্রদায়ের ওপর বোমা হামলার বিষয়ে ফখরুল বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই। একইসঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনার দাবি জানাই।’
তিনি বলেন, ‘দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় সরকার তদন্তের আগেই বলে দিল, এটা বিএনপি-জামায়াত করেছে। বিএনপিকে বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িয়ে কোনো দলের সঙ্গে ব্র্যাকেটে একটি জঙ্গি সংগঠন হিসেবে প্রমাণ করতে চায় সরকার। কিন্তু স্পষ্টভাবে বলতে চাই, বিএনপি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে বা জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয়। বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। কোনো জঙ্গিবাদের সঙ্গে এ দলের সম্পৃক্ততা নেই। বিএনপি আইনের শাসন ও গণতন্ত্রে বিশ্বাস করে। কেননা, এ দলটির মাধ্যমেই দেশে বহুদলীয় গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘নিরপেক্ষ তদন্ত হলেই বেরিয়ে আসবে বিদেশি হত্যাকাণ্ড বা শিয়াদের ওপর হামলাকারী কারা। এদের খুঁজে বের করতেই হবে। অন্যথায় দোষীরা ফ্রাংকেস্টাইন হয়ে যাবে।’
