রান্নাঘর : সকালের নাস্তায় রুটি বা পরোটা থাকা চাই-ই। ভাজি, সবজি বা মাংসের সঙ্গেই পরোটা খেতে বেশি মজা। অনেকে আবার মিষ্টির সঙ্গেও পরোটা খেতে ভালোবাসেন। তবে সুস্বাস্থ্যের জন্য তেল চর্বি এড়িয়ে সুস্বাদু সবজি পরোটাও কিন্তু অনেকের প্রথম পছন্দ। আপনিও স্বাস্থ্য সচেতনতার কথা চিন্তা করে প্রতিদিন নাস্তায় খেতে পারেন সবজি পরোটা। আসুন তবে শিখে নেয়া যাক।
যা যা লাগবে
পেঁপে মিহি কুচি করা ১ কাপ, ময়দা ২ কাপ, গাজর মিহি কুচি ১ কাপ, লবণ ১ চা চামচ, ধনে পাতা ১ কাপ, তেল ২ টেবিল চামচ, কাঁচা মরিচ মিহি কুচি করা পরিমাণমতো, ডিম ১টা, বাঁধাকপি কুচি ১ কাপ, চিনি ১ টেবিল চামচ, পেঁয়াজপাতা কুচি আধা কাপ, পানি পরিমাণমতো, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, তেল ৪ টেবিল চামচ।
যেভাবে করবেন
পাত্রে তেল দিয়ে পেঁয়াজ ও অন্য সব সবজি দিয়ে হালকা ভেজে ঠাণ্ডা হতে দিন। ময়দা, লবণ, তেল, ডিম ও চিনি দিয়ে ময়ান করে মোলায়েম রুটির উপযোগী ডো বানাতে হবে। এবার ডো এর উপর তেল মেখে ভিজিয়ে রাখতে হবে ৩০ মিনিট। এবার ডো দিয়ে মাঝারী আকারের পাতলা দুটো রুটি বেলুন। একটি রুটির ওপর সবজি বিছিয়ে অপরটি দিয়ে ঢেকে দিন। সুন্দর ভাবে রুটির চারপাশ এটে দিন। এবার পরোটার ওপরে ডিমের প্রলেপ দিয়ে তেলে ভেজে নিতে হবে। পরোটার এপিঠ ওপিঠ বাদামী করে ভাজি হয়ে গেয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন। সকালের বা বিকেলের নাস্তায় সবজি পরোটা যেমন উপাদেয় তেমনি স্বাস্থ্যকর।
