৩টি বিলাসবহুল গাড়ির মালিক সেই ‘কোটিপতি’ ভিক্ষুক গ্রেপ্তার

0

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পবিত্র রমজান মাস উপলক্ষে পরিচালিত বিশেষ ভিক্ষাবিরোধী অভিযানে এক ‘বিলাসবহুল’ ভিক্ষুককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির দখলে তিনটি দামি গাড়ি রয়েছে এবং ভিক্ষা করে তিনি বিপুল সম্পদের পাহাড় গড়েছেন বলে স্বীকার করেছেন।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুবাইভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দিনের আলোতে ভিক্ষা, রাতে বিলাসবহুল জীবন
দুবাই পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতি ও সহানুভূতির অপব্যবহার করতেন। দিনের বেলা তিনি অত্যন্ত জরাজীর্ণ পোশাকে ‘ভিক্ষার শিফটে’ নামতেন। তবে কাজ শেষ হওয়া মাত্রই তার রূপ বদলে যেত। ক্লান্ত-পরিশ্রান্ত চেহারা ঝেড়ে ফেলে তিনি নিজের বিলাসবহুল গাড়িতে চড়ে এলাকা ত্যাগ করতেন।

মানুষের মন গলাতে তিনি সুচারুভাবে সাজানো কিছু মনগড়া গল্প ও মানবিক বিবরণ ব্যবহার করতেন। তার সাজানো এই ধোঁকায় পড়ে সাধারণ মানুষ দুহাত খুলে দান করত।

৯০ শতাংশই ভিজিট ভিসার ‘ভিক্ষুক’
পুলিশের সাসপেক্টস অ্যান্ড ক্রিমিনাল ফেনোমেনা ডিপার্টমেন্টের পরিচালক ব্রিগেডিয়ার আল শামসি বলেন, “গ্রেপ্তার হওয়া ভিক্ষুকদের ৯০ শতাংশই ভিজিট ভিসায় আরব আমিরাতে প্রবেশ করেছেন। মূলত আমিরাতি নাগরিক ও প্রবাসীদের উদারতার সুযোগ নিতে তারা রমজান মাসকে টার্গেট করে দেশটিতে আসেন।”

অভিযান চলাকালে ভিক্ষুকদের কাছ থেকে হাজার হাজার দিরহাম জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, এক ভিক্ষুকের কাছে ২৫ হাজার দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ লাখ টাকার বেশি) পাওয়া গেছে। ওই অর্থ দিয়ে অনায়াসেই তিনি নিজ দেশে ফিরে সচ্ছল জীবনযাপন করতে পারতেন, কিন্তু লোভের বশবর্তী হয়ে তিনি ভিক্ষাবৃত্তি চালিয়ে যাচ্ছিলেন।

কঠোর আইনি বিধান
দুবাইয়ের আইন অনুযায়ী, দেশটিতে ব্যক্তিগতভাবে ভিক্ষা করার অপরাধে ৩ মাসের কারাদণ্ড এবং ৫ হাজার দিরহাম জরিমানার বিধান রয়েছে। তবে কোনো সংগঠিত চক্র বা বিদেশ থেকে লোক এনে ভিক্ষা করালে শাস্তি আরও কঠোর। সেক্ষেত্রে ৬ মাসের জেল এবং সর্বোচ্চ ১ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে।

উল্লেখ্য, এবারের রমজানের প্রথম সপ্তাহেই বিভিন্ন দেশের অন্তত ২৬ জন ভিক্ষুককে গ্রেপ্তার করেছে দুবাই পুলিশ। এই অভিযান মাসজুড়ে অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.