সিটিনিউজবিডি: সিলেটে পারিবারিক এক অনুষ্ঠানে খাবার খাওয়ার পর বিষক্রিয়ায় দুই পরিবারের ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরতলীর বালুচর সোনারবাংলা এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়িতে একটি পারিবারিক অনুষ্ঠান চলছিলো।
স্বজনদের অভিযোগ, রান্নাঘরের জানালা দিয়ে কে বা কারা খাবারে বিষ জাতীয় কিছু বা চেতনানাশক কোন ওষুধ মিশিয়ে দিয়েছে। আর ওই খাবার খেয়ে ১২ জন অসুস্থ হয়ে পড়েছেন।
অসুস্থ ব্যক্তিদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন জমির উদ্দিন (৭০), তার বোন ছুরই বিবি (৬০), ছেলে কামাল হোসাইন (২৬), ছেলের বউ জোসনা বেগম (৩০), নাতি আব্দুল মজিদ (১৪) ও নাতনী সুমাইয়া বেগম (১১)।
হাসপাতালে জ্ঞান ফিরে আসার পর তারা জানান, রাতে খাওয়ার পর তাদের মাথা ঘুরতে থাকে। পরে তারা একে একে অজ্ঞান হয়ে পড়েন। এরপর স্বজনরা তাদের ভর্তি করে হাসপাতালে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা. বিধুর কান্তি সাহা বলেন, ‘খাবারে কী ধরনের ‘পয়জন’ মেশানো হয়েছে সেটা বলা যাচ্ছে না। ফরেনসিক পরীক্ষা করার পর নিশ্চিত হওয়া যাবে।’ তিনি জানান, রোগীদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া বাকিদের জ্ঞান ফিরেছে।’
