আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোরের আল্লামা ইকবাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। বিমানটিতে শতাধিক যাত্রী ছিলেন। খবর ডননিউজের।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শাহীন এয়ার ইন্টারন্যাশনালের ওই যাত্রীবাহী বিমানটি জরুরী অবতরণ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। এনএল-১৪২ ফ্লাইটের বিমানটি করাচী-লাহোর রুটে যাতায়াত করে। শাহীন এয়ারলাইন্স প্রতিদিন করাচী থেকে লাহোর রুটে চারটি ফ্লাইট পরিচালনা করে থাকে। দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসাসেবা দেওয়া হয়। তাদের কারও অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে।
রানওয়েতে অবতরণের সময় ত্রুটির কারণে বিমানটির চাকা ফেটে যায়। এতে বিমানের অনেকাংশ ক্ষতিগ্রস্ত হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আরোহীদের উদ্ধার করেন।
