আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের লাহোর শহরে বুধবার রাতে নির্মানাধীন কারখানা ধসে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২১য়ে দাঁড়িয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধ্বংসস্তূপে এখনো ২শ’র মত শ্রমিক আটকা পড়ে আছে বলে বিবিসি জানিয়েছে।
লাহোরের শহরতলীতে অবস্থিত ‘সুন্দর ইন্ডাস্ট্রিয়াল ইস্টেট’ কারাখানার দুটো তলায় কাজ চলছিল এবং চতুর্থ তলা নির্মাণ করা হচ্ছিল বলে ডন পত্রিকাটি জানিয়েছে। এ কারখানাটিতে শপিং ব্যাগ তৈরির কাজ হয়। বুধবার রাতে চারতলা ভবনটি যখন ভেঙে পড়ে তখন এর তৃতীয়তলায় অনেক শ্রমিক রাতের শিফটে কাজ করছিলেন। নিহতদের মধ্যে এর মালিকও রয়েছেন।
দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। সেনাবাহিনী ক্রেন ও বুলডোজারসহ ভারি যন্ত্রপাতি নিয়ে ধ্বংসাবশেষে কাজ চালিয়ে যাচ্ছে। তারা ১শ জনকে উদ্ধার করা করেছে। উদ্ধার দলের মুখপাত্র সাজিদ হোসেন বিবিসিকে জানিয়েছেন, এখনো প্রায় ২শ শ্রমিক ধ্বংসস্তূপে আটকা পড়ে আছেন। তবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে আটকে পড়াদের সংখ্যা দেড়শ বলে উল্লেখ করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। তবে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, গত ২৬ অক্টোবরের ভূমিকম্পে কারখানাটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তাসত্ত্বেও ভবনটিতে সম্প্রসারণ কাজ চালিয়ে যাচ্ছিলেন মালিক। পাকিস্তানে ওই ভূমিকম্পে প্রায় চারশ মানুষ প্রাণ হারিয়েছে।
বুধবার শ্রমিকদের কারখানা থেকে সরিয়ে নেয়ার জন্য এর মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন। সেসময় ভবনটি ভেঙে পড়ায় তিনি নিজেও প্রাণ হারিয়েছেন। এছাড়া মালিকের এক ছেলেও ধ্বংসাবশেষে আটকা পড়ে আছেন বলেও জানা গেছে।
