চট্রগ্রাম অফিস: চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহড়া কাজিরহাট এলাকা থেকে ১ লাখ তিন হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ । মঙ্গলবার রাত সাড়ে ১২ টার দিকে তাকে আটক করা হয়েছে ।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাদ ও অভিযান) দেবদাশ ভট্টাচার্য কে বলেন, মঙ্গলবার রাতে মোহড়া কাজির হাট এলাকার জাল টাকা, ও জাল নোট তৈরির মেশিনসহ সৌরভ বিশ্বাস (২৫) নামে একজনকে আটক করা হয়।
চান্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইরুল ইসলাম জানান, “সৌরভকে প্রথমে জাল টাকা লেনদেন করার সময় হাতে নাতে আটক করা হয়, পরে তার দেয়া তথ্য অনুযায়ী চর রাঙ্গামাটিয়া এলাকায় তার কার্যালয় থেকে জাল টাকা তৈরীর মেশিন ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।”
উদ্ধার করা সরঞ্জামের মধ্যে আছে কম্পিউটার, প্রিন্টার, জাল টাকা ছাপানোর কালি ও কাগজ, দীর্ঘ দিন ধরে সে জাল টাকা ছাপিয়ে প্রতারনা করে আসছিলো, উল্লেখ করেন তিনি। চান্দগাও থানা সূত্রে জানা গেছে, সৌরভের কাছে পাওয়া জাল টাকাগুলোর সবই একশ টাকার । তার বাড়ী বোয়ালখালি থানায় ।
