ফরহান অভি,ঢাকা : কঠোর নিরাপত্তা আর বিপুল সংখ্যক নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে শনিবার সন্ধ্যায় দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিমানবন্দর থেকে বেরিয়ে বিপুলসংখ্যক নেতাকর্মীর ভিড় ঠেলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি বাসায় পৌঁছেন। ফেরার পথে তার গাড়িবহরের চারিদিকে ঘিরে ছিলেন নেতাকর্মীরা। এর আগে ৫টা ১০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন বিএনপি নেত্রী।
বিএনপি নেত্রীকে শুভেচ্ছা জানাতে দুপুর থেকেই নেতাকর্মীরা বিমানবন্দর এলাকায় আসতে শুরু করেন। তবে খালেদা জিয়ার ‘নিরাপত্তা’র বিষয়টি বিবেচনায় নিয়ে এর আগে থেকেই বিমানবন্দর এবং এর আশপাশ এলাকায় কয়েক স্তরের নিñিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুলিশ ছাড়াও আনসার, এপিবিএন, গোয়েন্দা সংস্থার সদস্যতে সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা গেছে।
