বিনোদন ডেস্ক :: আজ সারাদেশে ৮০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চলচ্চিত্র ‘ব্ল্যাক’। বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার এই ছবিটি ২৭ নভেম্বর কলকাতায় মুক্তি পেয়েছে, চলছেও বেশ ভাল। আজ বাংলাদেশে ছবি মুক্তির পরেই সকালের শোতে ঢাকার হলগুলো হাউসফুল ছিল। এমনটিই জানালেন ছবির পরিচালক কিবরিয়া লিপু।
‘ব্ল্যাক’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মিম ও সোহম। মিমের দর্শকদের জন্য খবর হল, আজ হলে গিয়ে তিনি ছবিটি দেখবেন। বিকেল ৪টায় বসুন্ধরার যমুনা ফিউচার পার্কে ব্লকবাস্টারে দর্শকদের সাথে থাকছেন মিম।
মিম কী পোশাক পরে আজ হলে যাবেন? এটা জানার আগ্রহ আপনার হতেই পারে। মিম আজ হলে যাবেন ‘ব্ল্যাক’ পোশাক চাপিয়ে! তবে সেটা আগে থেকে পরিকল্পনা করে রাখেননি সুনয়না এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে মিম বললেন, “ছবির নাম ‘ব্ল্যাক’। এজন্য আমি কালো রঙের পোশাক পরছি, বিষয়টা সেরকম নয়। আমি এই কালো ড্রেসটা অনেক আগেই বানিয়ে রেখেছিলাম। আজ পরতে ইচ্ছে হল তাই পরছি। তবে এখন ভাবছি, সিদ্ধান্তটা খারাপ হয়নি। আশা করছি দর্শকদের সঙ্গে মজা করে ছবিটি আজ দেখব”।
যাঁরা মিমের ভক্ত রয়েছেন, তারাও চাইলে মিমের মত ‘ব্ল্যাক’ পোশাক পরে ‘ব্ল্যাক’ ছবিটি দেখতে যেতে পারেন। এখন শুধু অপেক্ষার পালা। ‘ব্ল্যাক’ সবার মনকে রাঙিয়ে দিতে পারবে তো?
