চট্রগ্রাম বিভাগ:: ফেনী সদর পৌরসভা নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র পদপ্রার্থী মির্জা মো. ইকবাল মনোনয়নপত্র প্রত্যাহারে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন। আজ সোমবার তিনি এ আবেদন করেন।
এই পৌরসভায় আর কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজি আলাউদ্দিন একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এর আগে জেলার পরশুরাম পৌরসভায় বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান মাসুদের মনোনয়ন যাচাই–বাছাইয়ে বাতিল হওয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নিজামউদ্দিন আহমদ চৌধুরী একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন। জেলার দাগনভূঞা পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুজন প্রার্থী মাঠে রয়েছেন।
ফেনীর তিনটি পৌরসভায় সাধারণ ও সংরক্ষিত মিলে ৪৮টি ওয়ার্ডের মধ্যে ৩৩ জন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হতে চলেছেন। গত বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ফেনী সদর, পরশুরাম ও দাগনভূঞা পৌরসভায় ৩৩টি ওয়ার্ডে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। যাচাই–বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল না হলে ভোটের আগেই তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। এই প্রার্থীদের প্রায় সবাই আওয়ামী লীগ-সমর্থিত।
