৮ ডাকাত নিহতের ঘটনায় মামলা

0

সিটিনিউজবিডি:: নারায়ণগঞ্জের আড়াইহাজারে চালের আড়তে ডাকাতির সময় গণপিটুনিতে আট ডাকাত নিহতের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে একটি এবং ভাই ভাই ট্রেডার্সের মালিক এম এ গফুর বাদী হয়ে হতাহতদেরসহ ২০/২৫ জনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশের করা মামলায় কয়েক হাজার লোককে আসামি করা হয়েছে।

এদিকে শুক্রবার দুপুর পর্যন্ত গণপিটুনিতে নিহত চার ডাকাতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এরা হলেন- ফেনীর সোনাগাজী উপজেলার তানার আলমপুর গ্রামের রাজিব ওরফে রনি, ময়মনসিংহের কোতোয়ালি থানার মধ্য বারাবো আকুয়া গ্রামের রুবেল, টিটু, ও রানা। বাকি চারজনের মরদেহ মর্গে আছে।

আহতদের মধ্যে সজিব, মানিক ও সাব্বির আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। অপর ডাকাত লোকমানকে চিকিৎসার জন্য আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে চাঁদপুর সদরের ওসমান মিঞার ছেলে।

সোহাগ ওরফে শওকত ডাকাত দলের প্রধান বলে লোকমান পুলিশকে জানিয়েছে।

নারায়ণগঞ্জ সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) মো. জহিরুল ইসলাম জানান, হতাহতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। ডাকাতির ঘটনায় মোট ১৮ জন জড়িত ছিল। এদের মূল হোতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে আড়াইহাজার উপজেলার পুরিন্দা বাজারে চালের দোকানে ডাকাতি করতে গেলে গণপিটুনিতে ডাকাত দলের আট সদস্য নিহত এবং চারজন আহত হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.