সিটিনিউজবিডি : জেলার আড়াইহাজারে ডাকাতির ঘটনায় গণপিটুনিতে নিহত আটজনের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্যদিকে, ডাকাতির ঘটনায় আহত চারজন এখনো চিকিৎসাধীন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, বৃহস্পতিবার গণপিটুনিতে আটজনের মৃত্যুর পর ওইদিন চারজনের পরিচয় পাওয়া যায়। পরে শুক্রবার অন্যদের পরিচয় পাওয়ার পর শুক্রবার ও শনিবার আটজনের লাশ নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃত্যুর পর লাশগুলো ১০০ শয্যার নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়। সেখান থেকে নিহতের স্বজন ও পরিবারের লোকজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, শনিবার সকালে চারজনের স্বজনরা নারায়ণগঞ্জ শহরের ১০০ শয্যার হাসপাতাল থেকে লাশ গুলো বুঝে নেন। এ চারজনের লাশ হস্তান্তরের মধ্য দিয়ে আটজনের লাশের পরিচয় পাওয়া গেছে।
শনিবার হস্তান্তর করা তিন লাশের পরিচয় হল- জামালপুরের মেলান্দহ উপজেলার বানিয়াবাড়ী গ্রামের মৃত নাদের আলীর ছেলে একাব্বর আলী (৩২), একই গ্রামের মৃত নিহন শেখের ছেলে আবু তাহের (৩৩), জামালপুর জেলার ইসলামপুরের জব্বার মিয়ার ছেলে দুলাল মিয়া (২৬)।
এর আগে শুক্রবার ময়মনসিংহ জেলার কোতয়ালী উপজেলার চুরখাই গ্রামের সামছুদ্দিনের ছেলে তপু হাসান ওরফে ছোটন (১৮), ময়মনসিংহ জেলার মধ্যপাড়া গ্রামের শহর আলীর ছেলে সোহাগ ওরফে শওকত (৩০), একই গ্রামের হাসান আলীর ছেলে রুবেল (২৮), পুনারপাড় এলাকার মজিবর মিয়ার ছেলে জুয়েল ওরফে টিটু (৩২) ও ফেনীর সোনা গাজী।
আহত চারজন হলেন- মানিক (২৫), লোকমান (২৮), সজীব (২৭) ও সাব্বির (২২)। এর মধ্যে ময়মনসিংহ জেলার ত্রিশালের মৃত আবদুল লতিফের ছেলে মানিক, একই জেলার সানা মিয়ার ছেলে সজীব, মিলন মিয়ার ছেলে সাব্বির ও চাঁদপুরের কালীবাড়ীর ওসমান বেপারীর ছেলে লোকমান।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে আড়াইহাজারের পুরিন্দা বাজারে একটি চালের আড়তে ডাকাতি চেষ্টার পর আটজনকে পিটিয়ে হত্যা করে স্থানীয়রা। এ ছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় আড়াইহাজার থানায় দুটি মামলা হয়েছে।
এ বিভাগের আরও খবর
