আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনে ইসলামি জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বাসিলান দ্বীপে পরিচালিত অভিযানে নিহত হয়েছে ১৫ জন।
আল -কায়েদা গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত ফিলিপাইনের আবু সাইফ গ্রুপ ফিলিপাইনের দক্ষিণে যে কয়টি মুসলমান চরমপন্থি গোষ্ঠী রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি সহিংস। গ্রুপটি অপহরণ, শিরশ্ছেদ ও বোমা হামলার জন্য কুখ্যাত। গত মাসে গ্রুপের জঙ্গিরা মালয়েশিয়ার এক রেস্টুরেন্ট ব্যবসায়ীকে অপহরণ ও শিরশ্ছেদ করে। এরপরই ফিলিপাইনের প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো আবু সাইফ গ্রুপের বিরুদ্ধে সেনাবাহিনীকে অভিযান পরিচালনার নির্দেশ দেন।
সেনাবাহিনীর মুখপাত্র ফিলমন ত্যান জানান, বাসিলান দ্বীপের বারাকা শহরে অভিযান চালায় সেনাবাহিনী। বিকেল পাঁচটায় শুরু হওয়া সংঘর্ষে ১৩ বিদ্রোহী ও দুই সেনা সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরো ১০ সেনা।
তিনি আরো জানান, ‘সেনারা রোববার থেকেই ওই এলাকায় অবস্থান করছিল। তবে আজই (মঙ্গলবার) লড়াই বিস্তৃত হয়েছে। লড়াই এখনো বিচ্ছিন্নভাবে অব্যাহত আছে।’
এ ব্যাপারে বিদ্রোহী গ্রুপের তাৎক্ষনিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
