স্পোর্টস ডেস্ক :: নিজেদের সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ভারতের মাটিতে ৩-০ ব্যবধানে হেরে এসেছে সাউথ আফ্রিকা। দলের আত্মবিশ্বাসে একটু চিড় ধরাই স্বাভাবিক। তবে আগামী সপ্তাহ থেকে ডারবানে শুরু হতে যাওয়া ইংল্যান্ডের সাথে সিরিজের প্রথম টেস্টের আগে একটা সুখবর পেল প্রোটিয়া শিবির। ভারতের সাথে সিরিজে ইনজুরিতে পড়া পেসার ডেল স্টেইন চোট কাটিয়ে উঠেছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলেও দেখা যেতে পারে ‘স্টেইনগান’কে।
মোহালিতে ভারতের সাথে সিরিজের প্রথম টেস্টে ফিল্ডিং করার সময় কুঁচকিতে আঘাত পেয়েছিলেন স্টেইন। ফলস্বরুপ, সিরিজের বাকি তিন টেস্টের একটিও খেলতে পারেন নি তিনি। মাঝের পুরো সময়টা চোট সারানোর প্রক্রিয়ার ভিতর দিয়ে গেছেন। আর গত ১৭ ডিসেম্বর নিউল্যান্ডসে এক চূড়ান্ত পরীক্ষায় পূর্ণগতিতে বল করে জানান দিয়েছেন, তিনি ফিট হয়ে উঠেছেন।
বল করার পাশাপাশি ফিল্ডিং ড্রিল আর রান-আপ স্প্রিন্টেও সফলভাবে উতরে গেছেন ৩২ বছর বয়সী এই পেসার। আগামী ২২ ডিসেম্বর টেস্ট স্কোয়াডে যোগ দেবেন স্টেইন, সেখানেই সাউথ আফ্রিকা দলের মেডিক্যাল টিম তাকে শেষবারের মতো পরীক্ষা করবে। দলের পেস আক্রমণের সবচেয়ে বড় এই অস্ত্রকে ফিরে পেয়ে দারুণ খুশি প্রোটিয়া টিম ম্যানেজার মোহাম্মদ মুসাজি। বলেছেন, ‘ভারত থেকে ফিরে আসার পর থেকেই ডেল নিজের প্রশিক্ষণ এবং নিজের ফিরে আসার ব্যাপারটা নিয়ে অনেক কাজ করেছে। সে সফলভাবে ইনজুরি কাটিয়ে উঠেছে, আমরা এতে বেশ আনন্দিত।’
মুসাজি আরো বলেন, ‘বৃহস্পতিবার সে কেপ কোবরা’র ফিজিওথেরাপিস্ট শেন জ্যাবারের কাছে ফিটনেস টেস্ট করিয়েছে। সেই টেস্টে সে কোনরকম সমস্যা ছাড়াই উতরে গেছে। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট স্কোয়াডেও সে থাকবে।’ ফুটবল খেলতে গিয়ে লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় আরেক প্রোটিয়া পেসার ভারনন ফিল্যান্ডার সিরিজের প্রথম দুই টেস্ট থেকে সরে গেছেন। স্টেইনের দলে ফেরা তাই সাউথ আফ্রিকা দলের জন্য অনেকটা স্বস্তিদায়ক এক ব্যাপারই বটে।
