১৬৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে বাংলাদেশ

0

স্পোর্টস ডেস্ক : ওয়ালটন টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের দেওয়া ১৬৪ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১০ রান। তামিম ইকবাল ৭ ও সৌম্য সরকার ২ রানে ব্যাট করছেন।

এর আগে হ্যামিল্টন মাসাকাদজার ( ৫৩ বলে ৭৯) দারুণ ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৩ রানের লড়াকু পুঁজি গড়ে জিম্বাবুয়ে। শুক্রবার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক এল্টন চিগুম্বুরা। অধিনায়কের সিদ্ধান্তের সঠিক জবাবও দেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিল্টন মাসাকাদজা ও ভুসি সিবান্দা। উদ্বোধনী জুটিতে দুজন মিলে ৭২ বলে ১০১ রানের বড় জুটি গড়েন।

সিবান্দাকে (৪৬) ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙেন সাকিব আল হাসান। সাকিবের মিডল স্টাম্পের বল উড়িয়ে মারতে গিয়ে তামিম ইকবালের চমৎকার ক্যাচে পরিণত হন সিবান্দা। তবে ম্যালকম ওয়ালারের সঙ্গে জুটি বেঁধে ক্যারিয়ারের নবম টি-টোয়েন্টি ফিফটি তুলে নেন মাসাকাদজা।

অবশ্য খানিক বাদে ওয়ালার রানআউটে কাটা পড়লে ২৬ রানের এ জুটিও ভেঙে যায়। সাব্বির রহমানের থ্রো থেকে ম্যালকম ওয়ালারকে রানআউট করেন অভিষিক্ত উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

ওয়ালার ফিরলেও ফিফটি করা মাসাকাদজা আরো বিধ্বংসী হয়ে ওঠেন। তবে ব্যক্তিগত ৭৯ রানে তাকে সরাসরি থ্রোয়ে রানআউট করেন অভিষিক্ত উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। ৫৩ বলে ৯টি চার ও দুটি ছক্কার সাহায্যে ৭৯ রানের চমৎকার এক ইনিংস খেলেন মাসাকাদজা।

পরের ওভারে জাদু দেখান পেসার মুস্তাফিজুর রহমান। পর পর দুই বলে দুটি বোল্ড করেন বাংলাদেশের এই তরুণ তুর্কি। প্রথমে জিম্বাবুইয়ান অধিনায়ক এল্টন চিগুম্বুরা তারপর লুক জংউইয়ের স্টাম্প ভেঙে দেন মুস্তাফিজ।

এরপর ইনিংসের শেষ ওভারে আরেক পেসার আল-আমিন হোসেনও ২ উইকেট নেন। ফলে জিম্বাবুয়েকে ১৬৩ রানেই বেঁধে ফেলতে সক্ষম হয় স্বাগতিকরা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে এ রান করে সফরকারীরা।

জিম্বাবুয়ের ওপরের তিন ব্যাটসম্যান ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি! বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ১৮ রানে ২টি ও আল-আমিন ২৪ রানে ২ উইকেট নেন। সাকিবের ঝুলিতে জমা পড়ে একটি উইকেট।

বাংলাদেশ দলে অভিষেক হয়েছে অলরাউন্ডার শুভাগত হোম ও উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানের। শুভাগতর ৭টি টেস্ট ও ৪টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকলেও সোহানের এটিই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। বাংলাদেশের একাদশের বাইরে আছেন ইমরুল কায়েস, আরাফাত সানী ও আবু হায়দার রনি।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান ও শুভাগত হোম।

জিম্বাবুয়ের দল: ভুসি সিবান্দা, হ্যামিল্টন মাসাকাদজা, শন উইলিয়ামস, পিটার মুর, সিকান্দার রাজা, ম্যালকম ওয়ালার, এল্টন চিগুম্বুরা, ব্রায়ান ভেট্টরি, ওয়েলিংটন মাসাকাদজা, লুক জংউই ও গ্রায়েম ক্রেমার।

উল্লেখ্য, বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের টাইটেল স্পনসর দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। আর পাওয়ার স্পনসর ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.