কৃষি সংবাদ, কিশোরগঞ্জ প্রতিনিধি : উপজেলায় শীতের সবজির ভালো ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। বাজারে উঠছে শীতকালের রকমারি সবজি। উপজেলায় সবজির জন্য প্রসিদ্ধ জালালপুর ইউপির ফেকামারা, চরপুক্ষিয়া, লোহাজুরি ইউপির চরকাউনিয়াসহ মসুওয়া ইউপির কাজিরচর, বৈরাগিচর, আলগিচর গ্রামের সবজি বেশ কয়েক বছর ধরেই কিশোরগঞ্জ জেলাসহ ঢাকার বাইরের অনেক জেলায় জোগান দিচ্ছে স্থানীয় কৃষকরা। এবারো প্রতিক‚ল আবহাওয়া সত্ত্বেও এখানকার কৃষকরা শীতের সবজি আবাদ করে বেশ লাভবান হচ্ছেন।
কাজিরচর গ্রামের কৃষক বাক্কার মিয়া জানান, ধানের আবাদ করতে গিয়ে অব্যাহত লোকসান পোষাতেই সবজি আবাদ করে চলেছি। ভালো ফলনে এখন লাভের মুখ দেখতে শুরু করেছি।
সরজমিন পরিদর্শন করে দেখা যায়, ফেকামারা, চরপুক্ষিয়া, মসুওয়া, লোহাজুরি ইউনিয়নের বিভিন্ন গ্রাম বারোমাসি সবজির আবাদে ভরে গেছে। প্রায় প্রতিটি ঘরের আঙিনায় ও জমিতে বেগুন, টমেটো, কপি, লাউ, শিম, মুলাসহ রকমারি সবজিতে ভরে গেছে মাঠের পর মাঠ। কৃষক-কৃষাণীরাও অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন সবজি ক্ষেত পরিচর্যায়। যেন অবসর নেই তাদের। কেউ সবজি ক্ষেতে সেচ দিচ্ছেন কেউবা দিচ্ছেন স্প্রে। কেউবা ক্ষেত থেকেই সবজি পাইকারি বিক্রি করে দিচ্ছেন চড়া দামে। উপজেলা-জেলা সদর এমনকি ঢাকা অথবা অন্য স্থানের পাইকাররা বেশ চড়া দামেই কিনে নিয়ে যাচ্ছেন সেসব সবজি।
