চট্টগ্রাম অফিস : রাউজানের নোয়াপাড়ায় ইটভাটায় পরিবেশ দূষণ ও লাইসেন্স না থাকায় তিনটি ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দুজনকে ২১ দিন করে সশ্রম কারাদণ্ডও দেওয়া হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন।
ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন জানান, পরিবেশদূষণ ও লাইসেন্স না থাকায় ইটভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী এ জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে রাউজান থানা পুলিশ ও ১২ আনসার ব্যাটেলিয়ন সহযোগিতা করে।পরিবেশদূষণ ও বনাঞ্চল উজাড় ঠেকাতে আগামী দিনে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান ম্যাজিস্ট্রেট।
