ঢাকা অফিস : দেশের উন্নয়ন কার্যক্রমে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মন্ত্রব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) সকালে জাতীয় পুলিশ সপ্তাহের প্যারেডে অভিবাদন গ্রহণ শেষে রাজারবাগে মেট্রোপলিটন পুলিশ লাইনসের পুলিশ অডিটরিয়ামে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জনসংখ্যার অনুপাতে পুলিশের জনবল যথেষ্ট নয়। তাই আমরা পুলিশে আরও ৫০ হাজার নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত নিয়েছি। ‘এ বাহিনীর দক্ষতা ও সক্ষমতা আরো বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। গত সাত বছরে পুলিশের সাংগঠনিক কাঠামোতে ৭৩৯টি ক্যাডার পদসহ ৩২ হাজার ৩১টি পদ সৃষ্টি করা হয়েছে। ইতোমধ্যে ২৭৭টি ক্যাডার পদসহ ১৩ হাজার ৫৫৮টি পদে পুলিশ সদস্যদের নিয়োগ সম্পন্ন হয়েছে।’
তিনি বলেন, ‘আমরা যে উন্নয়নের অগ্রযাত্রা শুরু করেছি, তাতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। কারণ পুলিশ দেশের শান্তি-শৃঙ্খলা ঠিক না রাখলে উন্নয়ন সম্ভব হতো না।’ তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশ দেশের শান্তি, নিরাপত্তা ও শৃঙ্খলার প্রতীক। অভ্যন্তরীণ নিরাপত্তা প্রদান, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার রক্ষায় পুলিশের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আর এসব করতে গিয়ে অনেক সময়ই তাদের জীবনের ঝুঁকি নিতে হয়।’
স্বাধীন বাংলাদেশে ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি প্রথম পুলিশ সপ্তাহ পালন করা হয় উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সেদিন পুলিশ সপ্তাহের উদ্বোধন করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
এর আগে মঙ্গলবার সকাল ১০টায় পুলিশলাইন্সে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশের মহাপরিদর্শক একেএম শহিদুল হক প্রধানমন্ত্রী অভ্যর্থনা জানান। প্যারেড ময়দানে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সশ্রস্ত্র সালাম জানান পুলিশ সদস্যরা। সালাম গ্রহণের পর প্রধানমন্ত্রী খোলা জীপে প্যারেড পরিদর্শন করেন।
এরপর দৃষ্টিনন্দন কুচকাওয়াজের মাধ্যমে পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান।
