সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকায় একটি মালবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের তিনজন মারা যান। আহত হন আরো দুইজন। জানা যায় মঙ্গলবার ভোর ছয়টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের দ্বাড়িয়ারপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাড়ির মালিক বক্কার শেখ (৩৩) তার স্ত্রী আরোভি খাতুন (২৬) ও ছেলে সাব্বির হোসেন (৪)।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোর ছয়টার দিকে যশোর থেকে সিরাজগঞ্জের শাহজাদপুরগামী গুড় বোঝাই একটি ট্রাক পৌর এলাকার শাহজাদপুর-দ্বারিয়াপুর আঞ্চলিক সড়কের নব কুমার দীপ এলাকায় পৌঁছে।
এ সময় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঝুপড়ি ঘরে ঢুকে যায় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই ওই ঘরের মধ্যে থাকা তিনজন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
