সিটিনিউজবিডি : সিরাজগঞ্জ ও কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ মঙ্গলবার ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়লে একই পরিবারের তিনজন নিহত হন এবং সোমবার ভোররাতে কুমিল্লায় বাস-প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গুড়বাহী ট্রাক একটি বসতঘরে ঢুকে যায়। এতে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত দুজন।
মঙ্গলবার ভোর রাত ৬টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। নিহতেরা হলেন : জেলার শাহজাদপুর পৌর এলাকার নবকুমার ব্রিজের পাশের বস্তিবাসী আবু বক্কার (৩৫), তার স্ত্রী আরোভি খাতুন (২৭) ও তাদের শিশু সন্তান সাব্বির (৫)। দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) মিরাজ উদ্দিন আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, ঘন কুয়াশায় পথ না দেখায় ট্রাকটি বাড়িতে উঠে গিয়েছে। খোঁজ নিয়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। এদিকে কুমিল্লায় বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে বাবা-মা-মেয়েসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন।
আহত হয়েছেন আরো দুজন। সোমবার রাত ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার টামটা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি বগুড়া জেলার সদর উপজেলায়।
নিহতরা হচ্ছেন : প্রাইভেট কারের যাত্রী জাতীয় মানসিক রোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডা. ফজলুল বারী চৌধুরী (৪৫), তার স্ত্রী (৩৫), মেয়ে (৭) ও কাজের মেয়ে (১৩)। তাদের অপর মেয়ে (৫) ও ছেলে (৩) স্থানীয় গৌরিপুর হাসপাতালে ভর্তি রয়েছে। গৌরিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনিরুজ্জামান জানান, প্রাইভেট কারটি কুমিল্লার দিক থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ইউনিক পরিবহনের বাসটি ঢাকা থেকে চট্টগ্রাম যাচ্ছিল। টামটা এসে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে কারটি পাশের খাদে পড়ে যায়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে।
