আন্তর্জাতিক : ১৯ বছরের পুরনো আতঙ্ক ফের এক বার ফিরে এল কলকাতা বইমেলায়। তবে দমকল বাহিনীর তৎপরতায় বড় ক্ষয়ক্ষতি না হলেও ভষ্মীভূত হয়ে গিয়েছে একটি খাবারের দোকান। অল্পের জন্য রক্ষা পেয়েছে গোটা মিলন মেলা প্রাঙ্গন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টা নাগাদ বইমেলায় ২৩২ নম্বর স্টলের উল্টো দিকের একটি কফি শপ খেকে ধোঁয়া বেরতে দেখেন নিরাপত্তারক্ষীরা। পুলিশ ও দমকলবাহিনীকে খবর দিলে মিনিট পাঁচেকের চেষ্টায় সম্পূর্ণ আগুন নিভে যায়।
কফির দোকানটি পুড়ে ছাই হয়ে গেছে। আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে পাশের আর একটি স্টলও। তবে বইয়ের স্টলগুলি নিরাপদে আছে বলেই জানা গেছে।
শর্টসার্কিট নাকি অন্য কোন মাধ্যম, কী কারণে আগুন লেগেছিল তা এখনও স্পষ্ট নয়।
বইমেলার সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, “ মাঠে নতুন পার্কিং লটের কাছের দিকে একটি কফির দোকানে আগুন লেগেছিল। তবে মিনিট পাঁচেকের চেষ্টাতেই তা সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসে। বইমেলা সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে”
