খেলাধুলা : মিলান ডার্বিতে গত পাঁচ বছরের মধ্যে বড় ব্যবধানে জয়ে পেয়েছে এসি মিলান। রোববার রাতে ইন্টার মিলানের বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে তারা। ইতালিয়ান সিরি আ লিগে একইদিনে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস। শিয়েভোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে দলটি। আর নাপোলি ৫-১ গোলে হারিয়েছে এম্পোলিকে।
যদিও ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়েছে নাপোলি। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে জুভেন্টাস। আর ডার্বিতে হেরেও ইন্টার মিলান ৪১ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। আর ৩৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে এসি মিলান।
ঘরের মাঠে এসি মিলানের পক্ষে প্রথম গোলটি করেন অ্যালেক্স। ৩৫ মিনিটে তিনি মিলানকে এগিয়ে নেন। ৭৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বাকা। এর চার মিনিটের ব্যবধানে এমবে নায়াঙ্গ প্রতিপক্ষের জালে আবারো বল জড়াতে সক্ষম হন। ইন্টার কোনো গোল শোধ করতে না পারায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে এসি মিলান।
অপরদিকে শিয়েভোর বিপক্ষে আলভারো মুরাতা জোড়া গোল করেছেন জুভেন্টাসের হয়ে। প্রথমার্ধের ৬ ও ৪০ মিনিটে এই দুই গোল করেন তিনি। দ্বিতীয়ার্ধে জুভাদের পক্ষে আরো দুটি গোল করেন অ্যালেক্স সান্দ্রো ও পল পগবা।
আর নাপোলির ম্যাচে জোড়া গোল করেন জোস কালেজন। একটি করে গোল করেন গঞ্জালো হিগুয়েন ও লরেঞ্জো ইনসাইন। একটি গোল আসে আত্মঘাতি থেকে। যেটি করেন ইম্পোলির কাম্পোরেস। এম্পোলির পক্ষে এক গোল শোধ করেন পারদেস।
