ভারত সফরে যেতে পারেন খালেদা জিয়া

0

ঢাকা অফিস : আগামী মার্চে ভারতে একটি অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া। তবে তিনি নয়াদিল্লিতে ওই অনুষ্ঠানে যোগ দেবেন কি না তা এখনো চূড়ান্ত হয়নি।

মঙ্গলবার রাতে বার্তা সংস্থা ইউএনবি জানায়, ভারতের সরকারের উচ্চ পর্যায়ের এবং ক্ষমতাসীন বিজেপির নেতাদের সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিশ্চিত হলে খালেদা জিয়া ‘গ্লোবাল লিডারস ফোরাম’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেবেন।

গত ২০ জানুয়ারি এ সংক্রান্ত একটি চিঠি বিএনপির চেয়ারপার্সন বরাবর পাঠানো হয়। এতে ভারতের সাবেক প্রধান বিচারপতি আরসি লাহোতি ও নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী রুড লুবারসের স্বাক্ষর রয়েছে। চিঠিতে মার্চের ১২ তারিখ দিল্লিতে অনুষ্ঠানটি হবে বলে উল্লেখ রয়েছে।

খালেদা জিয়ার ভারতে যাওয়ার বিষয়ে দলটির আন্তর্জাতিক-বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ইউএনবিকে বলেন, ভারতে আন্তর্জাতিক একটি সংস্থার কাছ থেকে আমন্ত্রণপত্র পেয়েছেন বলে আমি জেনেছি। চেয়ারপার্সন সেখানে যেতে পারেন বলেও তিনি জানান। বিএনপির চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ভারতের একটি স্বেচ্ছাসেবী সংস্থা থেকে দাওয়াত পেয়েছেন। তবে তিনি সেখানে যাবেন কি না এ ব্যাপারে সিদ্ধান্ত নেননি।

বিএনপির দলীয় একাধিক সূত্র জানায়, বিএনপিকে ভারতবিদ্বেষী দল বলে অনেকে মনে করেন। পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বিএনপি সুসম্পর্ক গড়ে তুলতে নানাভাবে চেষ্টা করছে। বিশেষ করে গত নির্বাচনে ভারতে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ওই দল ও সরকারের সঙ্গে সম্পর্ক গভীর করতে সচেষ্ট বিএনপি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.