সিটিনিউজবিডি : এসএসসি পরীক্ষার ফর্ম পূরণ ও ভর্তির সময় অতিরিক্তি ফি আদায়কারী স্কুলগুলোকে অতিরিক্ত অর্থ ফেরত দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আগামী সাত দিনের মধ্যে অতিরিক্ত ফি শিক্ষার্থীদের ফেরত না দিলে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি বাতিল ঘোষণা করা হবে। আজ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
শিক্ষামন্ত্রী জানান, শিক্ষাবোর্ডগুলো তাদের অধীন স্কুলগুলোর ব্যপারে আগামী সাত দিন খোঁজ খবর নিয়ে মন্ত্রণালয়কে অবহিত করবে। পরে সে অনুযায়ী ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। উল্লেখ্য, মাউশির তদন্তে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট জোসেফ স্কুল, মোহম্মদপুর প্রিপারেটরি স্কুল, উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মিরপুর পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের প্রমাণ মিলেছে।
এছাড়াও রাজধানীতে আরো অনেক প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ভর্তি ফি, বেতন ৪০ শতাংশ থেকে ১০০ ভাগ পর্যন্ত বৃদ্ধি করে। এর প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বেতন, ফিসহ সব শিক্ষা ব্যয় বৃদ্ধি নিয়ে অস্থিরতা শুরু হয়। চলে তীব্র আন্দোলন। এরপরই তদন্তে নামে শিক্ষা প্রশাসন।
