কক্সবাজার প্রতিনিধি : জেলার চকোরিয়ার ওমখালী এলাকায় বোন জাহানারা বেগমকে হত্যার দায়ে ভাই নুরুল আমিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কাজী মুহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করে ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আইয়ূব খান বলেন, ২০০৮ সালের ২৬ নভেম্বর চকোরিয়ার ওমখালী এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে বোন জাহানারা বেগমকে হত্যা করেন ভাই নুরুল আমিন। এঘটনায় নিহতের মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করলে ১২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত নুরুল আমিনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দেন। তবে দণ্ডিত আসামি পলাতক রয়েছেন।
