বন্দরনগরীতে বসন্ত বরণ

0

সিটিনিউজবিডিঃ ঢোলের বোল, বেহালার সুর, নৃত্য, গান, আবৃত্তি আর কথামালায় ঋতুরাজ বসন্তকে বরণ করছে বন্দরনগরী চট্টগ্রাম। বাসন্তী রঙে রঙিন হয়ে উঠেছে চট্টলার পথঘাট, অলিগলি আর উৎসবস্থল। বাসন্তী রঙের পোশাক পরিহিত নর-নারীরা হাতে হাত ধরে নেচে-গেয়ে আনন্দময় করে তুলছেন বসন্ত উৎসবকে। বসন্তকে বরণ করে নিতে নগরবাসী আজ ভিড় করছেন ডিসি হিল, শিল্পকলা কিংবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুল তলায়।

বন্দরনগরীতে বসন্ত উৎসবের সবচেয়ে বড় আসরটি বসেছে ডিসি হিল প্রাঙ্গণে বোধন আবৃত্তি পরিষদের উদ্যোগে। ‘নিবিড় অন্তরতর বসন্ত এলো প্রাণে…’ শীর্ষক বসন্ত উৎসব বোধনের একাদশতম আয়োজন। সংস্কৃতির এ প্রাণকেন্দ্রে ‘বসন্ত উৎসব ১৪২২’ এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সকাল সাড়ে আটটায় ভায়োলেনিস্ট চিটাগং অর্কেস্ট্রা পরিবেশনার মধ্য দিয়ে। দিনব্যাপী এ উৎসবের আনন্দযজ্ঞের অনুষ্ঠানমালায় একক ও বৃন্দ আবৃত্তির পাশাপাশি নানান রঙের সমারোহের এ উৎসব মাতিয়ে রাখতে রয়েছে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় দলীয় সংগীত ও দলীয় নৃত্য।

এছাড়া প্রথিতযশা সংগীতশিল্পীদের পরিবেশনায় থাকছে রবীন্দ্র, নজরুল, আধুনিক, ফোক, বাউল ও হারানো দিনের গান। উৎসবের বিভিন্ন মুহূর্তে কথামালায় বসন্ত অভিবাদন জানাবেন আমন্ত্রিত বিশিষ্ট অতিথিবৃন্দ। দুপুর বারোটায় সকালের অধিবেশন শেষ হওয়ার পর-ই বিকাল তিনটায় থাকছে উৎসব অঙ্গন থেকে বর্ণিল সাজে বসন্তবরণ শোভাযাত্রা। প্রাণের এ আয়োজনে বসন্তের আগমনী বার্তায় ছন্দময় আবেশ ছড়িয়ে দেবে সুনীল জলদাশের সদস্যদের ঢাক-ঢোলকের বিশেষ পর্ব। রাত ৮টা পর্যন্ত বসন্তের হিল্লোল আমেজের রঙিন সূচিকে স্মৃতিময় করে তুলতে রয়েছে পিঠাপুলির পসরাও।

চট্টগ্রাম জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় ঋতুরাজ বসন্তের আগমন উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে বসন্ত উৎসবের আয়োজন করেছে প্রমা আবৃত্তি সংগঠন। শনিবার সকাল নয়টায় শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে উৎসবের উদ্বোধন করেছেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।  অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন ভারতীয় হাইকমিশনের চট্টগ্রামের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল হক, প্রাইম ডিস্ট্রিবিউশন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাশেদুল আলম মামুন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.