চট্টগ্রাম অফিস : আজ বসন্তকে বরণ করে নিতে সবজায়গার মতো বন্দরনগরী চট্টগ্রামে ডিসি হিলে চলছে বোধন আবৃত্তি পরিষদের ‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’ শিরোনামে বসন্ত উৎসব।
আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ভায়োলিনিস্ট চট্টগ্রামের যন্ত্রসংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
নুপুরের ঝংকারে নৃত্যের তালে তালে বসন্তকে বরণ করে নেয় নৃত্য শিল্পীরা। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনসমূহের শিল্পীরা পরিবেশন করেন একক ও বৃন্দ আবৃত্তি। শিল্পীদের অংশগ্রহণে চলছে একক সংগীত ও দলীয় সংগীত।
অনুষ্ঠানে কথামালায় বসন্ত নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেন ভারতীয় হাইকমিশনের চট্টগ্রামের সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। কথামালা আরও যোগ নেবেন চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন, প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, দৈনিক আজাদী ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদ মালেক।
এদিকে বসন্তকে বরণ করে নিতে ডিসি হিলে ভিড় জমিয়েছেন বিভিন্ন বয়সী মানুষ। বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পুরো ডিসি হিল প্রাঙ্গণ।
আজ বিকেল তিনটায় থাকছে উৎসব অঙ্গন থেকে বর্ণিল সাজে বসন্তবরণ শোভাযাত্রা। প্রাণের এ আয়োজনে বসন্তের আগমনী বার্তায় ছন্দময় আবেশ ছড়িয়ে দেবে ঢাকঢোলের মুন্সিয়ানা পর্ব। রাত নয়টা পর্যন্ত বসন্তের হিল্লোল আমেজের সূচিকে স্মৃতিময় করে তুলতে রয়েছে পিঠাপুলির পসরাও।
