ঢাকা : টঙ্গীতে উমর ফারুক নামে এক ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা ছিনতাই করে পালিয়ে গেছে সন্ত্রাসীরা। উমর সাংবাদিক এস এম নূর মোহাম্মদের ভাই। এ সময় তাকে মারধর করে সন্ত্রাসীরা।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় টঙ্গীর সাতাইশের বাগানবাড়ি এলাকায় ফাইভস্টার গার্মেন্টের পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উমর ফারুক ব্যবসা করেন। তিনি সন্ধ্যায় ইটভাটা থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। সাতাইশের বাগানবাড়ী এলাকায় পৌঁছালে তিলারগাতির ইমান খাঁর পুত্র জুয়ল ও ইদ্রিস আলীর পুত্র ফয়সালের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার গতিরোধ করে এলোপাথাড়ি মারধর শুরু করে।
এসময় উমরের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে টাকাসহ মোটরসাইকেল বহর নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। তবে তাদের ফেলে যাওয়া একটি মোটর সাইকেল স্থানীয়রা জব্দ করেছে বলে জানা গেছে।
ঘটনার পর উমর ফারুককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছিল।
