আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া ঘোষিত সিরিয়ার যুদ্ধবিরতি বাস্তবায়ণে মোটেও আশাবাদী নয় তুরস্ক। বরং তারা সিরিয়ার কুর্দিশ যোদ্ধাদের বিরুদ্ধে গোলাবর্ষণ চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে।
দেশটির উপপ্রধানমন্ত্রী নুমান কুরতুলমাস মঙ্গলবার আঙ্কারায় সংবাদকর্মীদের কাছে এক বিবৃতিতে বলেন, ‘আমি এই সন্ধিকে স্বাগত জানাই, কিন্তু সব পক্ষ এই সন্ধিকে সম্মান করবে বলে আমি মোটেও আশাবাদী নই।’
কুরতুলমাস আরো বলেন, ‘এটা পরিস্কার যে তুরস্ক নিজেদের আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করবে।’ এছাড়া রাশিয়া স্বাভাবিকভাবেই তাদের বিমান হামলা চালিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেন, ‘আমরা আশা করি কেউ বিমান হামলা চালাবে না এবং বিমান হামলার চেষ্টাও করবে না। আর এটাও আশা করি যে কেউ যুদ্ধবিরতি চুক্তির সময় কোনো বেসামরিককে হত্যা করবে না।’
তিনি সতর্ক করে বলেন, তুরস্ক সিরিয়ার কুর্দিশ পিপল’স প্রটেকশন ইউনিটসের (উয়াইপিজি) বিরুদ্ধে গোলাবর্ষণ চালিয়ে যেতে পারে। চলতি মাসের ২৭ তারিখে ওই সন্ধি বাস্তবায়িত হওয়ার পর যদি প্রতিবেশি দেশগুলো তাদের দিকে গুলি ছোড়ে তবে প্রয়োজনে তারাও হামলা অব্যাহত রাখবে।
