সাভার (ঢাকা): আশুলিয়ায় যাত্রীবাহী বাসচাপায় আফরোজা আক্তার (২৪) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিক অসন্তোষের আশঙ্কায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
সোমবার সকালে আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের আশুলিয়ার জামগড়া বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সকালে জামগড়া বাসস্ট্যান্ড থেকে পায়ে হেটে নিশ্চিন্তপুর এলাকায় অনন্ত গার্মেন্টসের উদ্দেশে রওনা হন ওই নারী পোশাক শ্রমিক। এ সময় বাইপাইল থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে আশুলিয়া শিল্প পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
