স্কুলছাত্রী চাঁদনী হত্যা: ১ বছরে তদন্ত শেষ হয়নি

শরীয়তপুর: সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী চাঁদনী (১৫) নির্মমভাবে হত্যার শিকার হয়। নৃশংস হত্যাকাণ্ডের ১ বছর হতে চললেও তদন্ত শেষ করে চার্জশিট দিতে পারেনি সিআইডি।

জাজিরা গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজের ছাত্রী চাঁদনী আক্তার বিদ্যালয় থেকে গত ১১ মার্চ ১৫ বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়ার ৩ দিন পর এলাকার খালের পাশে তার মৃতদেহ পাওয়া যায়। লাশ উদ্ধার হলে অজ্ঞাত আসামি করে জাজিরা থানায় মামলা দায়ের করা হয়। এরপর জাজিরা থানা পুলিশ ৪২ জনকে গ্রেপ্তার করলেও বর্তমানে সবাই জামিনে আছেন।
পরবর্তীতে নিহতের বাবা মো. আলী আজগর খাঁ শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিহত চাঁদনীর বান্ধবী পাখিসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। কিন্তু চাঁদনী হত্যার ১ বছর হতে চললেও এখনো তদন্ত শেষ করতে পারেনি সিআইডি।

উল্লেখ্য, জেলার জাজিরা উপজেলার ছোট মুলনা গ্রামের আলী আজগর খাঁর মেয়ে চাঁদনী আক্তার। জাজিরা গার্লস হাইস্কুলের সপ্তম শ্রেণির মেধাবী ছাত্রী ছিল। প্রতিদিন বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে স্কুলে যেত। সব সময় চাঁদনী ও পাখি দুই বান্ধবী একসঙ্গে স্কুলে যায় এবং আসে। প্রতিদিনের মতো গত ১১ মার্চ ১৫ সকালে চাঁদনী সহপাঠী পাখির সঙ্গে স্কুলে যায়। টিফিনের সময় পাখির সাথে চাঁদনীকে স্কুল থেকে বাড়ির উদ্দেশে যেতে দেখে স্কুলের বন্ধুরা তবুও বাড়িতে ফেরা হলো না চাঁদনীর। পরিবারের কাছে ৩ দিন নিখোঁজ থাকার পরে বাড়ির পার্শ্ববর্তী খালে তার মৃতদেহ পাওয়া যায়। বাড়িতে যাওয়ার সময় তার জীবনের প্রদীপ নিভিয়ে দিয়েছে একদল নরপশু। নিহত চাঁদনীর ময়নাতদন্ত রিপোর্টে বেরিয়ে আসে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

নিহতের বাবার মানসিক অবস্থা অস্বাভাবিক থাকায় ও প্রকৃত আসামি চিহ্নিত করতে না পারায় অজ্ঞাত করে ধর্ষণ পরবর্তী হত্যার অভিযোগে জাজিরা থানায় একটি মামলা দায়ের করে। এরপর চাঁদনী হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে পেরে শরীয়তপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনানে চাঁদনীর সহপাঠি ও মামলার প্রধান আসামি পাখিসহ ৯ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশমতে মূল মামলার সঙ্গে সংযুক্ত করে সিআইডি পুলিশকে তদন্ত ভার দেয়া হয়। এই নিয়ে জাজিরা গার্লস হাইস্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী একাধীকবার মানবন্ধনে চাঁদনী হত্যার দ্রুত বিচার দাবি করলেও প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকার কারণে এখনো চাঁদনী হত্যার তদন্ত চলছে।

অন্যদিকে, চাঁদনীর এই নৃশংস হত্যার বিচার না হওয়ায় জনমনে প্রশ্ন উঠেছে আদৌ কি চাঁদনী হত্যার বিচার হবে?

মামলার বাদী নিহত চাঁদনীর বাবা আলী আজগর খাঁ বলেন, ‘আমার মেয়েকে হত্যার ১ বছর হতে চললেও এখন মামলার তদন্ত শেষ করতে পারেনি সিআইডি পুলিশ। কবে তদন্ত শেষ হবে আর আমরা বিচার পাবো। তা বলতে পারিনা।

বর্তমান মামলার সিআইডি তদন্তকারী কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, মামলার তদন্তের স্বার্থে এ বিষয়ে কোনো কিছু বলা যাবে না। এ বিষয়ে হেড কোয়াটার জানাবে। তবে মামলার অগ্রগতি আছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.