৭ খুনের দুই মামলায় বিউটির সাক্ষ্যগ্রহণ

নারায়ণগঞ্জ : আলোচিত সাত খুনের দুই মামলার একটির বাদী সেলিনা ইসলাম বিউটির সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে অপর অরেকটি মামলার বাদী বিজয় কুমার পাল গত ২৯ ফেব্রুয়ারি সাক্ষ্য দিয়েছেন।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ এনায়েত হোসেনের আদালতে সাক্ষ্য গ্রহণের শুনানি শুরু হয়। এর আগে সকাল সাড়ে ৯টায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা কাশীমপুর কারাগার থেকে অন্যতম প্রধান আসামি নূর হোসেনসহ র‌্যাবের চাকরিচ্যুত কর্মকর্তা তারেক সাইদসহ মোট ২৩ আসামিকে আদালতে হাজির করা হয়।

গত ২৯ ফেব্রুয়ারি সাক্ষ্য গ্রহণের দিন সাংবাদিকদের বের করে দেয়া হলেও বৃহস্পতিবার সকলের উপস্থিতিতে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।

বাদী বিজয় পাল হলেন নিহত অ্যাডভোকেট চন্দন সরকারের মেয়ে জামাতা ও সেলিনা ইসলাম বিউটি হলেন নিহত নজরুল ইসলামের স্ত্রী।

২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, তার বন্ধু মনিরুজ্জামান স্বপন, তাজুল ইসলাম, লিটন ও গাড়িচালক জাহাঙ্গীর আলম এবং আইনজীবী চন্দন কুমার সরকার ও তার গাড়িচালক ইব্রাহীম অপহৃত হন। পরে ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে ছয়জনের ও ১ মে একজনের লাশ উদ্ধার করে পুলিশ।

তদন্ত শেষে প্রায় এক বছর পর গত ৮ এপ্রিল নূর হোসেন, র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। কিন্তু অভিযোগপত্র থেকে পাঁচ আসামিকে বাদ দেওয়ায় এবং প্রধান আসামি নূর হোসেনের জবানবন্দি ছাড়া অভিযোগপত্র আদালত আমলে নেওয়ায় ‘নারাজি’ আবেদন করেন সেলিনা ইসলাম বিউটি। আবেদনটি ম্যাজিস্ট্রেট আদালত ও জজ আদালতে খারিজ হয়ে গেলে বিউটি উচ্চ আদালতে যান। হাইকোর্টের আদেশে বলা হয়, পুলিশ চাইলে মামলাটির ‘অধিকতর তদন্ত’ করতে পারে এবং ‘হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনার’ ধারা যুক্ত করে নতুন করে তদন্ত প্রতিবেদন দিতে পারে।

গত ৮ ফেব্রুয়ারি সাত খুনের দুটি মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ ৩৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এ মামলায় নূর হোসেন ও র‌্যাবের সাবেক তিন কর্মকর্তাসহ মোট ২৩ জন কারাগারে রয়েছেন। আর চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে এখনো ১২ জন পলাতক রয়েছে।

গত ১২ নভেম্বর নূর হোসেনকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার পর ১৩ নভেম্বর সাত খুনের দুটি মামলাসহ ১১ মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। ১১টি মামলার মধ্যে সাত খুনের দুটি মামলা, চাঁদাবাজীর তিনটি এবং অস্ত্র আইনসহ বিভিন্ন অভিযোগে মামলাগুলো রয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.