চট্টগ্রাম : বঙ্গোপসাগরের বহির্নোঙ্গরে ডুবে যাওয়া লাইটারেজ জাহাজ খান সন্স-১ এর ১২ নাবিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের ডেপুটি কনজারভেটর ক্যাপ্টেন নাজমুল আলম।
জাহাজ ডুবির এক ঘন্টার মধ্যে চারজনকে উদ্ধার করা হয়। পরে রাতভর অভিযানে বাকি ৮জন উদ্ধার উদ্ধার হয় বলে জানান ক্যাপ্টেন নাজমুল আলম।
এর আগে সোমবার রাতে বহির্নোঙ্গরে আলফা এঙ্করেজের উত্তরে গ্রেট সিনারি নামের একটি বিদেশি জাহাজের ধাক্কায় খান সন্স-১ নামের একটি লাইটারেজ জাহাজ ডুবে যায়।
ক্যাপ্টেন নাজমুল আলম জানান, সিমেন্ট ক্লিঙ্কার নিয়ে আসা ‘সেইন্টি ভ্যালিয়েন্ট’ নামে একটি মাদার ভ্যাসেল আলফা এঙ্করেজের উত্তরে নোঙ্গর করে। ওই জাহাজ থেকে খান সন্স-১ নামে একটি লাইটারেজ জাহাজ সিমেন্ট ক্লিঙ্কার খালাস করছিলো। ওই সময় গ্রেট সিনারি নামক আরেকটি মাদার ভ্যাসেলের সাথে লাইটারেজ জাহাজটির ধাক্কা লাগলে সেটি ডুবে যায়। পরে বন্দর থেকে একটি উদ্ধারকারী টাগবোট ও কোস্টগার্ডের একটি জাহাজ ঘটনাস্থলে গিয়ে রাতভর উদ্ধার কাজ পরিচালনা করে ১২ নাবিককে জীবিত উদ্ধার করে।

Comments are closed.