মার্কিন বিমান হামলায় আইএস নেতা শিশানি নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছেন সিরিয়ায় ইসলামিক স্টেটের সামরিক প্রধান এবং আবু বকর আল বাগদাদির ঘনিষ্ঠ সহচর আবু ওমর আল শিশানি।  মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স।

রয়টার্স বলছে, সম্ভবত গত ৪ মার্চ সিরিয়ার আল শাদাদ শহরে পরিচালিত এক বিমান হামলায় প্রাণ হারিয়েছেন শিশানি।

শিশানির নিহত হওয়ার বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করে নেয়নি যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক দুই মার্কিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তারা শিশানির ভাগ্য সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেননি। তবে শিশানিকে লক্ষ্য করেই ওই বিমান হামলা চালানো হয়েছিল বলে স্বীকার করেছেন তৃতীয় এক কর্মকর্তা। অন্যদিকে কুর্দি গেরিলারা জানিয়েছে, শিশানির গাড়ি লক্ষ্য করে চালানো বিমান হামলায় তিনি নিহত হয়েছেন।

ওমর দ্য চেচান নামে পরিচিত শিশানিকে ধরার জন্য ৫০ লাখ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। সিরিয়ায় আইএসের রাজধানী রাক্কায় এক ত্রাসের নাম ছিলো আবু ওমর আল শিশানি। তার জন্ম ১৯৮৬ সালে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভূক্ত জর্জিয়াতে। তিনি আইএস প্রধান আবু বকর আল বাগদাদির সামরিক উপদেষ্টা হিসেবেও কাজ করতেন।

গতবছর নভেম্বরে মার্কিন জোটের বিমান হামলায় লিবিয়ায় আইএসের শীর্ষ জঙ্গি নেতা আবু নাবিল নিহত হয়েছিলেন। এবার শিশানির নিহত হওয়ার খবর সত্যি হলে এটিই হবে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের সর্বশেষ সাফল্য।

এ বিভাগের আরও খবর

Comments are closed.