খেলাধুলা : দারুণ সময়টা পার করছেন বিরাট কোহলি! গড়ে চলছেন একের পর এক রেকর্ড।
রোববার মোহালিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫১ বলে ৯টি চার ও দুটি ছক্কায় অপরাজিত ৮২ রানের ইনিংস খেলে ভারতকে এনে দেন ৬ উইকেটের দারুণ এক জয়। পাশাপাশি টিম ইন্ডিয়ার হাতে তুলে দেন ষষ্ঠ টি২০ বিশ্বকাপের শেষ চারের টিকিট।
ঘরের মাঠে ম্যাচজয়ী এই ইনিংস খেলার মাঝপথেই (ব্যক্তিগত ৩০ রানের মাথায়) টি২০তে দেড় হাজার রানের মাইলফলক স্পর্শ করেন ভারতের এই পোস্টারবয়। আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে সবচেয়ে কম ইনিংস খেলে এই দেড় হাজারি ক্লাবের সদস্য হলেন কোহলি। ১১ দিনের ব্যবধানে সজোরেই ভেঙে দিলেন ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিকেট গেইলের রেকর্ডটি।
কোহলির মতো গেইলও চলমান ষষ্ঠ টি২০ বিশ্বকাপে দেড় হাজারি ক্লাবে নাম লেখান। ১৬ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে এ কীর্তি গড়েন গেইল। যে ম্যাচটি ছিল তার ৪৬তম। তবে এর মাঝে দুটি ইনিংসে তাকে নামতে হয়নি ব্যাট হাতে। সব মিলে এখন পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে ৪৮টি ম্যাচ খেলেছেন গেইল। রান সংখ্যা ১৫১০। গড়টা ওয়ানডে কিংবা টেস্টের মতোই, ৩৬.৮২! রয়েছে দুটি সেঞ্চুরি ও ১৩টি হাফ সেঞ্চুরি। ছক্কা হাঁকিয়েছেন ৯৮ টি। চারের মার ১২৮। ব্যক্তিগত সর্বোচ্চ ১১৭ রানের ইনিংসটি খেলেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ২০০৭ বিশ্বকাপে জোহানেসবার্গে তার শতরানে ভর করে ওয়েস্ট ইন্ডিজ জয় পেয়েছে ৮ উইকেটের বড় ব্যবধানে।
অপরদিকে দেড় হাজারি ক্লাবের সদস্য হতে কোহলির খেলতে হয়েছে ৪২তম ম্যাচ। এর মাঝে তিনটি ম্যাচে তাকে ব্যাট করতে হয়নি। বর্তমানে টি২০ ক্যারিয়ারে তার নামের পাশে ১৫৫২ রান যোগ হয়েছে। রান সংখ্যায় তিনি গেইলকে ছাড়িয়ে গেলেন। গড়েও এগিয়ে ভারতের টেস্ট অধিনায়ক। টি২০তে কোহলির গড় ৫৫.৪২! এই ফরম্যাটে তার একটিও সেঞ্চুরি নেই, আছে ১৫টি হাফ সেঞ্চুরি। ছক্কা হাঁকিয়েছেন ৩১টি। চারের মার ১৬২। ব্যক্তিগত সর্বোচ্চ ৯০* রানের ইনিংসটি খেলেছেন টি২০ বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়া সফরে। তার অসাধারণ ইনিংসের বদৌলতে ওই ম্যাচে অসিদের বিপক্ষে ৩৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে ভারত।

Comments are closed.